ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এখনই অবসরে যাচ্ছেন না স্পেনের রক্ষণভাগের তারকা কার্লোস পুওল। আরো অন্তত দু'বছর জাতীয় দলের হয়ে খেলতে চান তিনি। এর আগে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ শেষ হওয়ার পরপরই অবসরে যাবেন বলে ঘোষণা দিয়েছিলেন পুওল। দেশবাসীর অনুরোধে শেষ পর্যন্ত তিনি অবসরের সিদ্ধান্ত বাতিল করেন।
প্রথম বারের মত বিশ্বকাপ ফুটবলে সেরা হয়েছে স্পেন। তাদের এই জয়রথে গুরুত্বপূর্ণ অবদান ছিল পুওলের। রক্ষণভাগে নিজ দায়িত্ব যেমন ঠিকঠাক ভাবে পালন করেছেন তেমনি জার্মানির বিপক্ষে সেমিফাইনালে চমৎকার হেড থেকে ম্যাচের জয়সূচক একমাত্র গোলটি করেছিলেন তিনি।
৩২ বছর বয়সী পুওল জানিয়েছেন তিনি ইউরো ২০১২ চ্যাম্পিয়নশীপে খেলতে চান। বিশ্ব চ্যাম্পিয়নের পাশাপাশি ইউরো চ্যাম্পিয়নও স্পেন। দলের কোচ ভিসেন্ত দেল বস্কো ও ক্রীড়া পরিচালক ফার্নান্দো হিয়েরোর সাথে আলাপ করেই পুওল জাতীয় দলে খেলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
২০০০ সালে জাতীয় দলে অভিষেক হওয়া পুওল এ পর্যন্ত ৯০ টি ম্যাচ খেলেছেন। গোল করেছেন তিনটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমএইচ/এনআই/১৯৫৮ ঘ.
bdnews24