প্যারিস, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফ্রান্স ফুটবল দলের নতুন কোচ লরা ব্লাঁ জানিয়ে দিয়েছেন, তার দল ২০১২ সালের ইউরো চ্যাম্পিয়নশীপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে না পারলে চুক্তি শেষ হওয়ার আগেই দায়িত্ব ছেড়ে দেবেন তিনি।
দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপ ২০১০ এ কোচ রেমন্ড ডমেনেখ ব্যর্থ হওয়ার পর ব্লাঁ ফ্রান্সের দায়িত্ব নেন।
ফ্রান্সের ক্রীড়া দৈনিক 'লেকিপ'- এর সঙ্গে এক সাক্ষাৎকারে ব্লাঁ বলেন, "ইউরো ২০১২ এ খেলার যোগ্যতা অর্জন করতে না পারলে আমি সরে যাব।"
ব্লাঁ-এর সঙ্গে ফ্রান্স ফুটবল ফেডারেশনের চুক্তি হয়েছে দু'বছরের জন্য। ইউরো ২০১২ এর বাছাই পর্বে ফ্রান্সের শেষ ম্যাচ আগামী বছরের অক্টোবরে। যার মানে চুক্তি শেষ হওয়ার অনেক আগেই শেষ হয়ে যাবে ইউরো বাছাই পর্বের ম্যাচ।
ব্লাঁ এর সাফ কথা, "ইউরো বাছাই পর্বে ব্যর্থ হলে আমি আর দায়িত্ব টানতে চাই না।"
ফ্রান্স ফুটবল দলের দায়িত্ব নিয়েই দারুণ সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন লরা ব্লাঁ। নরওয়ের বিপক্ষে আগামী মাসে প্রীতি ম্যাচের জন্য ঘোষিত দলে বিশ্বকাপের কাউকেই রাখেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এনআই/১৯৩০ ঘ.
bdnews24