মাদ্রিদ, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আর্জেন্টিনার কোচের দায়িত্বে থেকে যেতে চান ডিয়োগো ম্যারাডোনা। তবে শর্তও জুড়ে দিয়েছেন অনেকের মতে আর্জেন্টিনার এই ফুটবল ঈশ্বর-তার আগের সব সহকর্মীকেই রেখে দিতে হবে।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হুলিও গ্রান্দোনা আশা করছেন, চার বছরের জন্য নতুন চুক্তি করবেন ৪৯ বছর বয়সী ম্যারাডোনা। এ ব্যাপারে সোমবারই তাদের কথা-বার্তা বলার কথা।
কিন্তু ম্যারাডোনার একজন সহকর্মী, রক্ষণভাগের সাবেক খেলোয়াড় অস্কার রুজেরির সমালোচনা করেছেন গ্রান্দোনা। রুজেরিকে দলের সঙ্গে দেখতে চান না তিনি। এখানেই আপত্তি জানিয়েছেন ম্যারাডোনা।
ম্যারাডোনা জোর দিয়ে বলেন, "তারা যদি আমার কোনো সহকর্মীর একটি চুলও স্পর্শ করে। এমনকি, তা যদি ফিজিও বা ব্যাগবহনকারীরও হয়, তাহলে আমি চলে যাবো।"
এক টেলিভিশন সাক্ষাৎকারে ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ের নায়ক বলেন, "আমি আসলেই থেকে যেতে চাই। কিন্তু তা নির্ভর করছে গ্রান্দোনার ওপর।"
দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে ৪-০ গোলে বিদায় নেয় আর্জেন্টিনা। প্রতিযোগিতায় পেয়েছিল পঞ্চম স্থান। আগের কয়েকটি বিশ্বকাপের তুলনায় ম্যারাডোনার দলের এবারের খেলা ছিল অনেক ভালো। এজন্য দেশটির প্রেসিডেন্ট, ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান ও জনগণ সবাই ম্যারাডোনাকে ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপ পর্যন্ত দলের কোচ হিসেবে দেখতে চাইছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৯৩১ ঘ.
bdnews24