ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউরোপীয় ফুটবলের দলবদলের বাজারে এখন সবচেয়ে আলোচিত নাম স্পেনের আক্রমণভাগের খেলোয়াড় ফার্নান্দো তোরেস। তার দিকে হাত বাড়িয়েছে ম্যানচেস্টার সিটি এবং চেলসি। লিভারপুলও হারাতে চাইছে না তাদের তারকা ফুটবলাটিকে।
তোরেসকে দলে টানার ব্যাপারে অবশ্য এগিয়ে আছে ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম ধনী এই দলের ম্যানেজার রবার্তো মানচিনি বলেন, ''আমরা তোরেসকে চাই। এখন ও রাজি হলেই হয়।''
তোরেসের জন্য অর্থ খরচ করতে কার্পণ্য করতে মোটেও রাজি নন মানচিনি। তিনি বলেন, ''ও ইউরোপের আক্রমণভাগের সেরা খেলোয়াড়দের একজন। প্রিমিয়ার লিগে সে তিন বছর খেলেছে। ওর মতো একজনকেই খুঁজছি আমরা।''
তোরেসের জন্য লিভারপুল চেয়েছে ৭০ মিলিয়ন পাউন্ড। তাকে দলে নেয়ার চেষ্টা করছে চেলসিও। বর্তমান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা আক্রমণভাগের শক্তি বাড়াতে চাইছে স্পেনের এই খেলোয়াড়কে দিয়ে।
এদিকে তোরেস কিন্তু চাইছেন লিভারপুল ছাড়তে। ক্লাবটিতে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে তার। লিভারপুলের নতুন প্রধান রয় হাডসন বলেছেন, ''পরিস্থিতি দেখে আমাদের মনে হচ্ছে লিভারপুলে শান্তিতে নেই তোরেস।"
ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু হবে ১৪ আগস্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৮৫৫ ঘ.
bdnews24