ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্রিন ডেল্টা প্রিমিয়ার হকি লিগে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে দেশের দুই জনপ্রিয় ক্লাব আবাহনী লিমিটেড এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব।
শনিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগের শেষ খেলায় আবাহনী ৫-২ গোলে হারায় চির প্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাবকে।
১৩ ম্যাচ শেষে এখন আবাহনী এবং মোহামেডান দুই ক্লাবেরই পয়েন্ট ৩৬।
এ অবস্থায় প্লে-অফ ম্যাচ দিয়েই শিরোপা লড়াই শেষ হওয়ার কথা ছিল। কিন্তু শনিবার খেলা শেষে হকি লিগ কমিটি সভায় বসে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আবাহনী লিমিটেড এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে। এরপর তাদের যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
অথচ শনিবার হকি স্টেডিয়ামে একাই উৎসবে মেতে উঠতে পারতো মোহামেডান। আবাহনীর সঙ্গে ড্র করলেই চ্যাম্পিয়ন হতো তারা । কিন্তু আবাহনী তাদের সেই সুযোগ দিলো না।
খেলার ৭ মিনিটেই ধানমন্ডির এই ক্লাবটি এগিয়ে যায়। গোল করেন দলের পাকিস্তানি তারকা পেনাল্টি কর্নার 'স্পেশালিস্ট' সোহেল আব্বাস। যদিও সেই এগিয়ে থাকাটা বেশিক্ষণ ধরে রাখা হয়নি। মুসার গোলে খেলায় ফিরে মোহামেডান।
নিমোর গোলে ফের এগিয়ে যায় আবাহনী। প্রথমার্ধের শেষ মিনিটে সাব্বিরের গোল স্বস্তি ফেরায় মোহামেডান শিবিরে (২-২)।
কিন্তু দ্বিতীয়ার্ধের পুরোটা সময় শুধুই আবাহনীর। আবারো দলকে এগিয়ে দেন সোহেল আব্বাস। মোহামেডানের রক্ষণভাগের খেলোয়াড়দের ভুলে পুস্কর খিসা ব্যবধান দ্বিগুণ করেন (৪-২)।
খেলা শেষ হওয়ার এক মিনিট আগে আরেক পাকিস্তানি খেলোয়াড় মুদাসসর গোল করলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আবাহনী (৫-২)।
এদিকে গত তিনবারের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন ঊষা ক্রীড়াচক্র ক্লাবকাপ হকির জটিলতা নিরসন না হওয়ার প্রতিবাদে এবার লিগে অংশ নেয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/২০০৮ ঘ.
bdnews24