২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনার কোচ থাকছেন ম্যারাডোনাই

সব অনিশ্চয়তা দূর হয়েছে। সত্য হতে যাচ্ছে আর্জেন্টিনার সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন। নতুন করে চারবছরের জন্য আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে চুক্তি করতে যাচ্ছেন ডিয়েগো ম্যারাডোনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2010, 12:10 PM

Updated : 25 Aug 2022, 04:29 PM

ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সব অনিশ্চয়তা দূর হয়েছে। সত্য হতে যাচ্ছে আর্জেন্টিনার সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন। নতুন করে চারবছরের জন্য আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে চুক্তি করতে যাচ্ছেন ডিয়েগো ম্যারাডোনা। শুক্রবার দেশের ফুটবলপ্রেমীদের এই সুখবর শুনিয়েছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান জুলিও গ্র্যান্ডোনা। তিনি বলেন ''আমাদের অনুরোধ ডিয়েগো (ম্যারাডোনা) রাখছে। ও আরো চার বছরের জন্য জাতীয় দলের দায়িত্বে থাকবে। ২০১৪ সালে তার অধীনেই ব্রাজিল বিশ্বকাপে খেলতে যাবে আর্জেন্টিনা।'' গত ২১ জুলাই ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে মৌখিক চুক্তি হয়েছে ম্যারাডোনার। আনুষ্ঠানিক চুক্তির ব্যাপারটাও শিগগিরই শেষ হয়ে যাবে। ম্যারাডোনা এখন রয়েছেন ভেনিজুয়েলায়। দেশটির প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের আমন্ত্রণে কারাকাসে আছেন তিনি। সেখান থেকে ফিরেই নতুন করে দায়িত্ব বুঝে নেবেন। দক্ষিণ আফ্রিকায় শিরোপা জেতার স্বপ্ন নিয়ে খেলতে নেমেছিল আর্জেন্টিনা। কিন্তু জার্মানির কাছে কোয়ার্টার ফাইনালে ০-৪ গোলে বিধ্বস্ত হয়ে দেশে ফিরে ম্যারাডোনার দল। তাতে অবশ্য ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ের নায়কের জনপ্রিয়তা একটুও কমেনি। দেশটির ফুটবল ভক্তরা সাদরে বরণ করেছে ম্যারাডোনা এবং লিওনেল মেসিদের। তাদের সেই ইচ্ছের প্রতিফলন হয়েছে এবার। নতুনভাবে দায়িত্ব নিয়ে ম্যারাডোনার প্রথম অভিযান হবে কোপা আমেরিকা। আগামি বছর শুরু হতে যাওয়া ওই টুর্নামেন্টের জন্য দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ শিবির শুরু করে দেবেন ম্যারাডোনা। ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান গ্র্যান্ডোনা বলেন ''আমরা ওকে পুর্ণ স্বাধীনতা দিতে চাই। ডিয়েগো ইচ্ছে করলে নতুন স্টাফ খুঁজে নিতে পারে। অথবা ও পুরনোদের রাখতে চাইলেও আমরা আপত্তি করবো না। আশা করছি দীর্ঘ সময় দায়িত্ব পেলে ও ঠিকই জাতীয় দলকে সাফল্য এনে দিতে পারবে।'' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনএল/১৮০০ ঘ.