কারাকাস, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শুক্রবার ভেনেজুয়েলা সফরে যাবেন উরুগুয়ের আক্রমণভাগের খেলোয়াড় ডিয়েগো ফোরলান।
ভেনেজুয়েলার বিচার মন্ত্রী তারেক এল অ্যাইসামি এক বার্তায় ফোরলানের সফরের বিষয়টি জানান।
এল অ্যাইসামি অ্যাটলেটিকো মাদ্রিদের এই তারকা খেলোয়াড়ের সফরের কারণ সম্পর্কে অবশ্য পরিষ্কারভাবে কিছু বলেননি। তবে দেশটির গণমাধ্যম বুধবার জানিয়েছে, শিশুদের জন্য ভেনেজুয়েলা সরকার কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টে অংশ নেবেন ফোরলান।
এবারের বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার 'গোল্ডেন বল' জেতেন উরুগুয়ের এই তারকা।
আর্জেন্টিনার কোচ ডিয়েগো ম্যারাডোনাও বুধবার কারাকাসে পৌঁছেছেন। বন্ধু ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের সঙ্গে সাক্ষাৎ করতেই সেদেশে গেছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এমএইচ/২০৪০ ঘ.
bdnews24