কারাকাস, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভেনেজুয়েলাতেও যে তার অগণিত ভক্ত রয়েছে সেটাও এখন জেনে গেলেন ডিয়েগো ম্যারাডোনা। সে দেশের প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের আমন্ত্রণে আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তী এখন ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে। বিমানবন্দরে ম্যারাডোনাকে দেখতে হাজার হাজার সমর্থকদের ভিড় জমেছিল।
ম্যারাডোনা বলেন তিনি ভেনেজুয়েলার ফুটবল ভক্তদের জন্য তার দেশের শুভেচ্ছা নিয়ে এসেছেন। সেটাই তিনি জানাবেন প্রেসিডেন্ট শ্যাভেজকে। কারাকাসের সাইমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দরে সমর্থকরা দু'দেশের পতাকা নেড়ে ম্যারাডোনাকে অভিনন্দন জানায়।
ম্যারাডোনা এবং ভেনেজুয়েলার ক্রীড়া মন্ত্রীকে নিয়ে প্রেসিডেন্ট শ্যাভেজ একটি বিশ্ববিদ্যালয়ের অ্যাথলেটসদের ডিগ্রি প্রদান অনুষ্ঠানে হাজির থাকবেন। এ ছাড়া ম্যারাডোনা সে দেশের বেশ কিছু ক্রীড়া স্থাপনা পরিদর্শনেও যাবেন।
উল্লেখ্য, বাম রাজনীতিতে বিশ্বাসী ম্যারাডোনার সঙ্গে শ্যাভেজ এবং কিউবার নেতা ফিদেল কাস্ত্রোর চমৎকার সম্পর্ক রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এনআই/১৮৫৫ ঘ.
bdnews24