২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমে উঠছে ইউরোপিয়ান ফুটবলের দলবদল

আগষ্টে শুরু হচ্ছে ইউরোপের দেশগুলোর ঘরোয়া প্রিমিয়ার লিগ ফুটবল। ইউরোপের সেরা দলগুলো তাই পছন্দের খেলোয়াড়দের দলে টানতে নেমে পড়েছে। এই দৌড়ে এগিয়ে রয়েছে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসির মত বড় ক্লাবগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2010, 01:10 PM

Updated : 25 Aug 2022, 04:19 PM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগষ্টে শুরু হচ্ছে ইউরোপের দেশগুলোর ঘরোয়া প্রিমিয়ার লিগ ফুটবল। ইউরোপের সেরা দলগুলো তাই পছন্দের খেলোয়াড়দের দলে টানতে নেমে পড়েছে। এই দৌড়ে এগিয়ে রয়েছে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসির মত বড় ক্লাবগুলো। রিয়াল মাদ্রিদের নতুন কোচ হোসে মরিনহো দল থেকে কাকা এবং রাফায়েল ফন ডার ফার্টকে বিক্রি করে দিতে চান। বিনিময়ে তিনি চান দলের রক্ষণভাগকে দৃঢ় করতে। তাই চেলসির কাছে প্রস্তাব পাঠানো হয়েছে তাদের ইংল্যান্ড ডিফেন্ডার অ্যাশলি কোলকে কেনার। তার জন্য ৩০ মিলিয়ন পাউন্ড দর দেয়া হয়েছে। চেলসির কোচ কার্লোস আনচেলত্তি এতে আগ্রহ প্রকাশ না করলেও পরে যে প্রস্তাব পেয়েছেন তাতে ক্লাবের মালিক রুশ ধনকুবের রোমান আব্রাহিমোভিচ নড়েচড়ে বসেছেন। রিয়াল কোলের বিনিময়ে অর্থ তো দেবেই, সঙ্গে ব্রাজিলিয়ান তারকা কাকাকেও তুলে দেবে চেলসির কাছে। এসি মিলান থেকে গত মৌসুমে রিয়ালে যোগ দিয়ে ফিফার সাবেক বর্ষসেরা ফুটবলার কাকার দিনকাল খুব ভালো যায়নি। ফর্মহীনতার সঙ্গে যুক্ত হয়েছিল ইনজুরিও। তাই কাকাকে বাদ দিয়ে দল সাজাতে চাইছেন মরিনহো। এসি মিলানে থাকার সময় কাকা খেলেছেন আনচেলত্তির অধিনেই। কাজেই চেলসিতে কাকাকে ফের আগের চেনা চেহারায় দেখা যাবে বলে মনে করছেন আব্রাহিমোভিচ। বিশ^কাপের সেরা খেলোয়াড় ডিয়েগো ফোরলানকে অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে কিনতে চায় জুভেন্টাস। কিন্তু মাদ্রিদের কর্মকর্তারা আপাতত তা নাকচ করে দিয়েছেন। তবে অর্থের অংকটা বিশাল হলে তারা ফের ভাবতে বসবেন বলে জানা গেছে। গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লীগে সর্বাধিক গোলদাতা হয়েছিলেন চ্যাম্পিয়ন চেলসির আইভরি কোস্ট তারকা দিদিয়ের দ্রগবা। অথচ এ মৌসুমেই তার দলবদলের কথা শোনা যাচ্ছে। বাজারে জোর গুজব চেলসি ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দিচ্ছেন দ্রগবা। তার এজেন্ট বলেছেন দলবদলে দ্রগবা চমক দেখাবেন। জানা গেছে আপাতত দ্রগবার জন্য ২০ মিলিয়ন পাউন্ড দর দিয়েছে ম্যানসিটি। বিশ^কাপে জার্মান তারকা মেসুট ওজিল তার বর্তমান দল ওয়ের্ডার ব্রেমেন যে ছেড়ে দেবেন সেটি একরকম নিশ্চিত। কারণ ২১ বছর বয়সী এই তারকার সঙ্গে ব্রেমেন নতুন কোনো চুক্তি করতে পারেনি। তাকে কেনার জন্য তিনটি দল লড়ছে। চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড এবং রিয়াল মাদ্রিদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচ/১৯০৫ ঘ.