ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাজিলের আক্রমণভাগের খেলোয়াড় লুইস ফ্যাবিয়ানো তার বর্তমান ক্লাব সেভিয়া ছেড়ে দিতে পারেন। যোগ দিতে পারেন টটেনহ্যাম হটস্পারে।
২৯ বছর বয়সী এই তারকা বলেছেন, ''আমি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতে আগ্রহী। গত কয়েকদিন ধরেই বিষয়টি নিয়ে আমি ভাবছি। আর সেটা জানিয়েছি আমার এজেন্টকে। যতটুকু জেনেছি, আসছে মৌসুমে শুধু ইংলিশ প্রিমিয়ার লিগেই নয়, টটেনহ্যাম চ্যাম্পিয়ন্স লিগেও খেলার সুযোগ পেয়েছে। আর আমি তাতে খেলতে চাই।''
এজন্যই ক্লাব কর্মকর্তারা দলকে আরো শক্তিশালী করার উদ্যোগ নিয়েছেন।
কিছুদিন আগেও সেভিয়া ছেড়ে যেতে রাজি ছিলেন না ফ্যাবিয়ানো। কিন্তু এখন মত পাল্টেছেন। তাকে নিতে আগ্রহী ইতালির এসি মিলান এবং ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেডও।
মূলত চ্যাম্পিয়ন্স লিগে খেলার জন্যই এবার ক্লাব বদলাতে চাইছেন ব্রাজিলের এই তারকা। বিশ্বকাপে ফ্যাবিয়ানো মোটেও ভালো খেলতে পারেননি। তারপরও তার চাহিদা কমেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৯৫৭ ঘ.
bdnews24