সাও পাওলো, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কার্লোস দুঙ্গার দল সহজেই দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ জিততে পারতো বলে মনে করেন স্বয়ং ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা।
কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের কাছে ২-১ গোলে ব্রাজিলের হার প্রেসিডেন্ট সিলভা এখনো মেনে নিতে পারেননি। তিনি সাফ জানিয়ে দেন, "এবারের বিশ্বকাপ খুবই সহজেই জিততে পারতো ব্রাজিল। কেননা প্রতিযোগিতায় ব্রাজিলের প্রতিপক্ষ ছিল 'বিশ্বকাপের সবচেয়ে দুর্বল দলগুলো'।"
ফুটবল অনুরাগী সিলভা বৃহস্পতিবার স্থানীয় একটি বেতার কেন্দ্রের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, ২০১০ সালের বিশ্বকাপে হার তিনি মেনে নিতে পারতেন, যদি দেশের মাটিতে বিশ্বকাপ জয়ের ভালো সুযোগ থাকতো। কেননা পরবর্তী বিশ্বকাপ হবে ২০১৪ সালে, ব্রাজিলে।
১৯৫০ সালের ব্রাজিল বিশ্বকাপে উরুগুয়ের কাছে হেরেছিল স্বাগতিকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৮৪৮ ঘ.
bdnews24