২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অঁরি, ফুটবল জীবনের শুরু যেখানে, শেষ সেখানে

দুর্দান্ত ফুটবল জীবনের সমাপ্তি টানলেন ফ্রান্সের জাতীয় দলের অন্যতম সেরা ফুটবলার থিয়েরি অঁরি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2010, 12:17 PM

Updated : 25 Aug 2022, 02:00 PM

নিউ জার্সি, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুর্দান্ত ফুটবল জীবনের সমাপ্তি টানলেন ফ্রান্সের জাতীয় দলের অন্যতম সেরা ফুটবলার থিয়েরি অঁরি। বার্সেলোনা থেকে যুক্তরাষ্ট্রের ক্লাব রেড বুলসে যোগ দিয়েছেন তিনি। সেখানে পৌঁছেই এক সংবাদ সম্মেলনে অঁরি জানিয়ে দেন, জাতীয় দলের হয়ে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপই ছিল তার শেষ আন্তর্জাতিক প্রতিযোগিতা। ফ্রান্সের হয়ে ১২৩ ম্যাচে সবচেয়ে বেশি ৫১ গোল করেছেন এই কৃতি ফুটবলার। তার আলমারিতে সাজানো রয়েছে বিশ্ব ফুটবলের তিনটি সেরা প্রতিযোগিতার শিরোপা জেতার মেডেল। ১৯৯৮ সালের বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলের অন্যতম সেরা সদস্য ছিলেন অঁরি। ২০০০ সালে ফ্রান্স জেতে ইউরোপিয়ান কাপ। সেই দলেও ছিলেন তিনি। ২০০৩ সালে ফিফা কনফেডারেশন কাপ জয়ী ফ্রান্স দলেও ছিলেন এই দুরন্ত ফুটবলারটি। সংবাদ সম্মেলনে অঁরি বলেন, ''জাতীয় দলের হয়ে ১২৩ খেলায় অংশ নিতে পেরে আমি গর্বিত। দারুণ উপভোগ করেছি জাতীয় দলে খেলে। জাতীয় দলের নীল জার্সি ছিল আমার সেরা সম্পদ। কিন্তু এক সময় তো থামতেই হবে। কারণ তরুণদের এগিয়ে আসার সময় এসে গেছে বলেই আমার মনে হয়েছে। তাই আমি অবসর নিলাম।'' তবে ক্লাব ফুটবলে আরো কিছুদিন খেলবেন অঁরি। তবে ইউরোপে তার ক্লাব ফুটবল জীবনেরও ইতি এখানেই ঘটেছে বলে মনে করা হচ্ছে। বাকি সময়টা যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে খেলে কাটিয়ে দিতে চান অঁরি। তার কথাতেও সেই সুর, '' আমি রেড বুলসে এসেছি শিরোপা জিততেই। ফুটবল এখানে জনপ্রিয় হয়ে উঠছে ধীরে ধীরে। মনে হচ্ছে সময়টা এখানে ভালোই কাটবে।'' বিশ্বকাপের আগেই অবসরের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন অঁরি। কিন্তু দলের সংহতির কথা ভেবে বিশ্বকাপ চলার সময় অবসরের ঘোষণা দেননি। তার অবসরের সঙ্গে বিশ্বকাপে ফ্রান্সের বাজে ফলের কোনো সম্পর্ক নেই বলে তিনি জানান। অঁরি ১৯৯১ সালে ১৩ বছর বয়সে ফরাসি ক্লাব মোনাকোর জুনিয়র দলের হয়ে খেলা শুরু করেন। ১৯৯৪-৯৫ মৌসুমে যোগ দেন সিনিয়র দলে। মূলত তার হাত ধরেই ১৯৯৭ সালে ফরাসি লিগে চ্যাম্পিয়ন হয় মোনাকো। সেই বছরই ডাক পান জাতীয় দলে। অভিষেক হয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। কাঁকতালীয়ভাবে অঁরি তার শেষ খেলাও খেলেন বিশ্বকাপে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেই ম্যাচে ২-১ গোলে হারে তার দল। ক্লাব ফুটবলে অঁরি সবচেয়ে সফল ছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালে। আট বছর খেলেছেন সেখানে। শিরোপা জিতেছেন দু'বার, এফএ কাপ ট্রফি তিনবার। আর্সেনালের হয়ে সবচেয়ে বেশি গোলও করেছেন তিনি। ক্লাব এবং জাতীয় দলের হয়ে অঁরির খেলায় পার্থক্য করা কঠিন। মূলত, সমান সফল দুই অঙ্গনেই। ফ্রান্স ফুটবলের অন্যতম সেরা তারকাদের তালিকায় শুধু নয়, এমনকি বিশ্ব ফুটবলের সেরাদের সঙ্গে উচ্চারিত হবে তার নাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৭৫৩ ঘ.