প্রিটোরিয়া, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আফ্রিকার মাটিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন করে সফল নেলসন ম্যান্ডেলার রংধনুর দেশ দক্ষিণ আফ্রিকা। এই সাফল্যকে কাজে লাগাতে চায় তারা। তাই এখন তাদের দৃষ্টি অলিম্পিক গেমস আয়োজনের দিকে।
শোনা যাচ্ছে ২০২০ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজনের জন্য লড়বে দক্ষিণ আফ্রিকা। তবে এক্ষেত্রে তাদের পছন্দ উপকূলীয় শহর ডারবান।
বিশ্বকাপ আয়োজনের জন্য আফ্রিকার দেশটিকে যতটা লড়াই করতে হয়েছে বিশ্বের বৃহত্তম ক্রীড়া আসর অলিম্পিক আয়োজনের জন্য তাদেরকে আরো বেশি লড়াই করতে হবে তাতে কোনো সন্দেহ নেই।
দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো অলিম্পিক আয়োজনের লড়াই করেছিল ২০০৪ সালে। তা ছিল কেপটাউনকে ঘিরে। কিন্তু গ্রীসের এথেন্সের কাছে হেরে যায় তখন।
২০১২ সালের লন্ডন অলিম্পিকের পর ২০১৬ সালে প্রথমবারের মতো অলিম্পিক হবে দক্ষিণ আমেরিকায়, ব্রাজিলের রিও ডি জেনিরোতে। যুক্তরাষ্ট্রের শিকাগো ২০১৬ সালের লড়াইয়ে হেরে যায়। ফলে তারা নিঃসন্দেহে ২০২০ সালের লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার শক্ত প্রতিপক্ষ হিসেবে আর্বিভূত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এমএইচ/২০০৫ ঘ.
bdnews24