লন্ডন, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উইম্বলডনে ১১ ঘন্টা ৫ মিনিট লড়াই করে ম্যাচ জিতে নিয়েছেন যুক্তরাষ্ট্রের জন ইসনার। টেনিস ইতিহাসে দীর্ঘতম এই ম্যাচে তার প্রতিপক্ষ ছিলেন ফ্রান্সের নিকোলাস মারহুত।
এর আগে দীর্ঘতম ম্যাচ খেলার রেকর্ড ছিল ফাব্রিচ সানতোরো ও আর্নদ ক্লেমেন্তের। ২০০৪ সালে ফ্রেন্স ওপেনের এই ম্যাচটি চলেছিল ৬ ঘন্টা ৩৩ মিনিট ধরে।
ইসনার ও মারহুতের মধ্যে প্রথম পর্বের এই ম্যাচটি খেলা হয়েছে তিন দিনে। ইসনার ৬-৪, ৩-৬, ৬-৭, ৭-৬ ও ৭০-৬৮ গেমে হারান মারহুতকে।
পঞ্চম ও শেষ সেটে পয়েন্ট ব্যবধান নির্ধারিত না হওয়ায় এত দীর্ঘ সময় ধরে তাদের খেলতে হয়। কেননা শেষ সেটে টাই-ব্রেকার হয় না। টেনিসে দুই পয়েন্টের ব্যবধান না হলে কাউকে জয়ীও ঘোষণা করা যায় না।
এদিকে উইম্বলডনের তৃতীয় পর্বে উঠেছেন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস ও স্পেনের রাফায়েল নাদাল।
মেয়েদের র্যাঙ্কিংয়ে বিশ্বসেরা সেরেনা ৬-০ ও ৬-১ গেমে জেতেন রাশিয়ার আন্না চাকভেতাজের বিপক্ষে।
ছেলেদের র্যাঙ্কিং বিশ্বসেরা নাদাল ৫-৭, ৬-২, ৩-৬, ৬-০ ও ৬-৩ ব্যবধানে হারান নেদারল্যান্ডসের রবিন হাসেকে।
এছাড়া প্রতিযোগিতায় তৃতীয় পর্বে উঠেছেন ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি, রাশিয়ার মারিয়া শারাপোভা, ব্রিটেনের অ্যান্ডি মারে ও সুইডেনের রবিন সোদার্লিং।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৯২০ ঘ.
bdnews24