ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বসুন্ধরা সিনিয়র ডিভিশন ফুটবল টুর্নামেন্টে জিতেছে সানরাইজ স্পোর্টিং ও মহাখালী একাদশ । বৃহস্পতিবার সানরাইজ ৩-০ গোলে পূর্বাচলকে ও মহাখালী একাদশ ১-০ গোলে হারায় ভিক্টোরিয়া স্পোর্টিংকে।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় সানরাইজ মুখোমুখি হয় পূর্বাচলের। খেলার প্রথমার্ধ গোলশূন্য থাকলেও বিরতির পরই গোল উৎসবে মাতে সানরাইজ।
৭০ মিনিটে আতিকের গোলে এগিয়ে যায় সানরাইজ। ৭৮ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন শুভ। তিন মিনিট বাদেই পূর্বাচলের কফিনে শেষ পেরেক ঠুকে দেন সাব্বির।
একই মাঠে মহাখালী একাদশও ভিক্টোরিয়ার খেলায় প্রথমার্ধে কোনো গোল হয়নি। ৭২ মিনিটে মহাখালীর পক্ষে গোলাপ জয়সূচক গোলটি করেন।
শুক্রবার দিনের একমাত্র খেলায় বাড্ডা জাগরণী খেলবে ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/এনআই/১৯৪৫ ঘ.
bdnews24