ঢাকা, জুন ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পেশাদার লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হতে পারলো না ঢাকা আবাহনী। পরাজয়ের ছাপ এঁকে দিল চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা মোহামেডান। পরপর তিনবার চ্যাম্পিয়ন আবাহনীকে হার মানতে হলো ২-১ গোলে।
এছাড়া ফেনী সকার ক্লাব ও ব্রাদার্স ইউনিয়নের খেলা অমীমাংসিতভাবে শেষ হয়েছে, ১-১ গোলে।
চ্যাম্পিয়ন ও রানার্স-আপ আগেই নির্ধারিত হওয়ায় আবাহনী-মোহামেডান খেলাটি পরিণত হয় মর্যাদার লড়াইয়ে। জাতীয় দলের ১২ ফুটবলারকে দলে নিয়েও শিরোপা জিততে পারেনি মোহামেডান। তাই শেষ লক্ষ্য ছিল লিগে চিরপ্রতিদ্বন্দ্বীদের কপালে পরাজয়ের তিলক এঁকে দেওয়া। আর এ কাজে পুরোপুরি সফল হয়েছে তারা।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলার ৩০ মিনিটেই জাহিদ হোসেন এমিলির গোলে এগিয়ে যায় মোহমেডান। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার আগেই গোল শোধ করে আবাহনী। ঘানার আক্রমণভাগের খেলোয়াড় আউদু ইব্রাহীম ৪২ মিনিটে গোলটি করেন।
বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে ওঠে মোহামেডান। ৭৫ মিনিটে সাফল্যের মুখও দেখে। মামুনুল ইসলামের গোলে ফের এগিয়ে যায় মোহামেডান। সমতায় ফেরার জন্য আবাহনীর লড়ে গেলেও আক্রমণভাগ জ্বলে উঠতে না পারায় হার মেনেই মাঠ ছাড়তে হয় তাদের।
শিরোপা হারালেও সাদা-কালোদের অর্জনও কম নয়। আবাহনী চ্যাম্পিয়ন হলেও অপরাজিত থাকার গৌরব আছে কেবল মোহামেডানের। ২৪ ম্যাচে ১৯ জয় ও ৫ ড্র নিয়ে তাদের পয়েন্ট ৬২। সমান খেলায় ২২ জয় ১ড্র ও ১ হার নিয়ে আবাহনীর সংগ্রহ ৬৭।
আরেক খেলায় ফেনী স্টেডিয়ামে খেলার প্রথমার্ধের ১৬ মিনিটেই এগিয়ে যায় ব্রাদার্স (১-০)। গোলটি করেন ঘানার আক্রমণভাগের খেলোয়াড় এনক বেন্টিল।
খেলার ৬৮ মিনিটে মনোয়ার হোসেন রাজুর গোলে সমতায় ফেরে স্বাগতিকরা (১-১)। খেলায় যেমন কোনো প্রাণ ছিল না, তেমনি গোলও হয়নি আর। লিগে উভয় দলেরই এটি ছিল শেষ ম্যাচ।
২৪ ম্যাচে ফেনী সকারের পয়েন্ট ৩০। সমান ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের ২৬।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২০২০ ঘ.
bdnews24