পোলকওয়েন, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফুটবল বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে সোমবার কাটলেগো এমফেলার জোড়া গোলের সুবাদে দক্ষিণ আফ্রিকা ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে গুয়াতেমালাকে।
দক্ষিণ আফ্রিকার পোলকওয়ান মাঠে খেলার ১২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে স্বাগতিকদের এগিয়ে নেন কাটলোগো এমফেলা। তিন মিনিট পর ব্যাধান দ্বিগুণ করেন রেনেইলবি লেটশোলনিয়ান।
বিরতির পর বদলি খেলোয়াড় সারপ্রাইজ মোরিরির গোলে ব্যবধান বাড়ায় বাফানারা, ৪৮ মিনিটে। আট মিনিট পর আবারো পেনাল্টি পায় স্বাগতিকরা। এমফেলাও পূর্ণ করেন নিজের দ্বিতীয় গোল।
গুয়েতেমালার কফিনে শেষ পেরেক ঠোকেন বানার্ড পার্কার। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে কোচ কার্লোস আবার্তো পেরেরার দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/১৯০৬ ঘ
bdnews24