ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এক খেলা বাকি থাকতেই টানা তিনবার বাংলাদেশ লিগের শিরোপা জিতে নিল ঢাকা আবাহনী।
লিগের ২৪তম পর্বের শেষ খেলায় ঢাকা আবাহনী এনামুল হকের জোড়া গোলে ৪-০ তে ফরাশগঞ্জকে উড়িয়ে দিয়েছে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার খেলার প্রথমার্ধে গোলের দেখা পায়নি আবাহনী ও ফরাশগঞ্জ, কোনো দলই।
বিরতির পর আবাহনীর গোল উৎসব শুরু করেন রক্ষণভাগের খেলোয়াড় রজনী কান্ত বর্মন, ৬০ মিনিটে। ১৭ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন আবুল।
গোলে শোধে মরিয়া হয়ে খেলতে থাকে ফরাশগঞ্জ। তবে আবাহনীর রক্ষণভাগকে ফাঁকি দিয়ে গোল আদায় করতে পারেনি তারা। উল্টো ৮০ মিনিটে গোল খায় একটি। গোলটি করেন আবাহনীর এনামুল।
খেলার শেষ মুহূর্তে (৮৯ মিনিটে) আবারো এনামুল ফরাশগঞ্জের কফিনে শেষ পেরেক ঠোকেন। এই গোলের পরই শিরোপা জয়ের উল্লাসে মেতে উঠে অমলেশ সেনের দল।
২৩ খেলায় ঢাকা আবাহনীর পয়েন্ট ৬৭। এক ম্যাচ কম খেলে ফরাশগঞ্জের সংগ্রহ ১৯।
এছাড়া ঢাকা মোহামেডানের পয়েন্ট ৫৮, ২২ খেলায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/২০০৮ ঘ.
bdnews24