বুয়েনসআয়ার্স, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে প্রীতিম্যাচে সোমবার মাক্সি রড্রিগুয়েজের জোড়া গোলের সুবাদে আর্জেন্টিনা ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে কানাডাকে।
অন্যান্য খেলায় ফ্যাবিও ক্যাপেলোর ইংল্যান্ড ৩-১ গোলে মেক্সিকোকে, অস্ট্রেলিয়া ২-১ এ নিউজিল্যান্ডকে ও দক্ষিণ কোরিয়া ২-০ তে হারায় জাপানকে। এছাড়া দক্ষিণ আফ্রিকা ও বুলগেরিয়া ১-১ গোলে এবং গোলশূন্য ড্র হয়েছে পর্তুগাল ও কেপ ভের্দের খেলা।
বুয়েনসআয়াার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে প্রথমার্ধের ১৬ মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে নেন, রড্রিগুয়েজ। ৩২ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। পাঁচ মিনিট পর ব্যবধান বাড়ান ডি মারিয়া।
বিরতির পর ৬৩ মিনিটে আরো একটি গোল করেন আক্রমণভাগের খেলোয়াড় কালোর্স তেভেজ। ৭১ মিনিটে কানাডার কফিনে শেষ পেরেক ঠোকেন সার্জিও অ্যাগুয়েরো।
তবে খেলেননি ম্যারাডোনার তরুপের তাস লিওনেল মেসি।
খেলা শেষে কোচ ম্যারাডোনা বললেন,"এই জয়ে আমি অত্যন্ত আনন্দিত। এছাড়া দেশের জনগণও শান্ত থাকবে। কেননা দলে ভালো ভালো খেলোয়াড় রয়েছে, যারা সঠিক সময়ে জ্বলে উঠতে পারে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/১৮৩৬ ঘ.
bdnews24