ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিটিসেল বাংলাদেশ লিগের ২৪তম পর্বের খেলায় জিতেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। সোমবার তারা ৪-১ গোলে হারায় ফেনী সকার ক্লাবকে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলার ১১ মিনিটে জামাল নাখলির গোলে এগিয়ে যায় শেখ রাসেল। ৪০ মিনিটে মনোয়ার খান রাজুর দুর্দান্ত গোলে সমতা ফেরায় ফেনী সকার। কিন্তু তিন মিনিট পরই সালাহ মাসলৌর গোলে বিরতির আগেই ২-১ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধে নিজের দ্বিতীয় গোল করেন জামাল, ৬৩ মিনিটে। সকারের কফিনে শেষ পেরেক ঠুকে দেন মোহাম্মদ রনি, অতিরিক্ত সময়ে (৯০ ১)।
পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে থাকা শেখ রাসেলের সংগ্রহ ৫০ পয়েন্ট, ২৩ খেলায়। সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ফেনী সকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/সিজি/১৯৩৩ ঘ.
bdnews24