ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এশিয়ান গেমস বাছাই পর্বের হকিতে রোববার নিজেদের শেষ ম্যাচে ওমানকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ।
এ জয়ে পঞ্চমস্থান নিশ্চিত করে স্বাগতিক বাংলাদেশ। অন্যদিকে হেরেও টুর্নামেন্টে সেরা হয়েছে ওমান।
৬ খেলায় ওমানের সংগ্রহ ১১ পয়েন্ট। অন্যদিকে সমান ম্যাচে বাংলাদেশের অর্জন ৮।
সাতটি দেশ নিয়ে আয়োজিত প্রতিযোগিতায় নিজেদের ফেভারিট-ই ভাবছিলো স্বাগতিকরাই। কিন্তু চীনা তাইপে ও সিঙ্গাপুরের কাছে হেরে গিয়ে এবং শ্রীলঙ্কা ও হংকংয়ের বিপক্ষে ড্র করায় বাংলাদেশের সেরা হওয়ার স্বপ্ন ভেসে যায়।
চীনা-তাইপের বিপক্ষে ৫-৭ গোলে ও সিঙ্গাপুরের সঙ্গে ০-১ গোলে হেরে যায় স্বাগতিকরা। এছাড়া হংকংয়ের সঙ্গে ২-২ গোলে এবং শ্রীলঙ্কার বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে।
অন্যদিকে থাইল্যান্ডকে ৮-১ গোলে হারানোর পর কেবল ওমানের বিপক্ষে জয় পায় বাংলাদেশ।
টুর্নামেন্টে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান সিঙ্গাপুরের। চীনা-তাইপে ও হংকংকের সংগ্রহ ৯ পয়েন্ট করে। তবে গোল ব্যবধানে চীনা-তাইপেকে পেছনে ফেলে তৃতীয় স্থানটি দখল করে হংকং। অন্যদিকে শ্রীলঙ্কা ও বাংলাদেশের পয়েন্ট সমান (৮) হলেও গোল গড়ে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে বাংলাদেশ।
মাত্র এক পয়েন্ট নিয়ে তালিকায় সবার নিচের স্থানটি থাইল্যান্ডের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/১৮৫০ ঘ.
bdnews24