মাদ্রিদ, মে ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিছিয়ে পড়েও স্পেনের লা লিগায় রোববার ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলের সুবাদে রিয়াল মাদ্রিদ ৩-২ এ হারিয়েছে ওসাসুনাকে। আরেক খেলায় সেভিয়া ৩-১ গোলে জিতেছে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে।
সান্তিয়াগো বার্নাব্যুতে খেলার প্রথমার্ধে ওসাসুনাকে এগিয়ে নেন আক্রমণভাগের খেলোয়াড় কার্লোস অ্যারান্দা, সাত মিনিটে। ২৫ মিনিটে রোনালদো গোলটি শোধ করেন।
জমে উঠে খেলা। গোল দিতে মরিয়া ওঠে উভয় দল। কিন্তু পাল্টা আক্রমণ থেকে গোল করে সফরকারী ওসাসুনাকে এগিয়ে নেন ক্রিজতিয়ান ভাদোকজ, ৪৩ মিনিটে। এক মিনিট পরই খেলায় সমতা ফেরান রক্ষণভাগের খেলোয়াড় মার্চেলো সিলভা।
খেলার অন্তিম মুহূর্তে নিজের দ্বিতীয় ও জয় সূচক গোলটি করেন রোনালদো, ৮৮ মিনিটে।
৩৫ খেলায় ৯০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পেপ গার্দিওলার বার্সেলোনা। সমান খেলায় কাতালানদের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/০২১০ ঘ.
bdnews24