লন্ডন, মে ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার চেলসি ২-০ গোলে লিভারপুলকে হারিয়ে এগিয়ে গেছে শিরোপার আরো কাছাকাছি।
দিনের অন্য খেলায় ম্যানচেস্টার ইউনাইটেড ১-০ এ স্যান্ডারল্যান্ডকে ও ফুলহ্যাম ৩-২ গোলে হারায় ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে।
লিভারপুলের মাঠে খেলার ৩৩ মিনিটে এগিয়ে যায় চেলসি, আক্রমণভাগের খেলোয়াড় দিদিয়ের দ্রগবার গোলে। স্বাগতিক অধিনায়ক স্টিভেন জেরার্ডের ভুলে বল চলে যায় দ্রগবার কাছে। বল জালে জড়িয়ে দিতে কোনো অসুবিধা হয়নি তার।
বিরতির পর গোল শোধে মরিয়া ওঠে রেডসরা। প্রতিপক্ষের গোল মুখে আক্রমণও করে কয়েকবার। কিন্তু লাভ হয়নি। উল্টো নিকোলাস বেন্টনারের বানিয়ে দেয়া বল কাক্সিক্ষত ঠিকানায় পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড, ৫৪ মিনিটে।
খেলার বাকি সময় আর গোল না হওয়ায় জয় নিয়েই মাঠ ছাড়ে চেলসি।
৩৭ খেলায় ৮৩ পয়েন্ট নিয়ে সব দলের ওপরে রয়েছে চেলসি। সমান ম্যাচে ম্যান ইউয়ের সংগ্রহ ৮২।
এদিকে সেরি 'আ' তে জুভেন্টাস ও কাতানিয়ার খেলা ১-১ গোলে ড্র হয়েছে। দিনের অন্যান্য খেলায় সাম্পদোরিয়া ২-০ তে লিভোর্নোকে, নাপোলি ২-১ এ শিয়েভোকে ও পালের্মো একই ব্যবধানে হারায় সিয়েনাকে।
৩৬ ম্যাচে এএস রোমা ৭৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে। সমান খেলায় রোমার চেয়ে এক পয়েন্ট পিছিয়ে আছে হোসে মরিনহোর ইন্টার মিলান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/০০০৯ ঘ.
bdnews24