২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ রাসেলের ড্র, জিতেছে ব্রাদার্স

সিটিসেল বাংলাদেশ লিগে বৃহস্পতিবার ২০তম রাউন্ডে শেখ রাসেল ক্রীড়া চক্র ২-২ গোলে ড্র করেছে চট্টগ্রাম মোহামেডানের সঙ্গে। অন্য খেলায় ব্রাদার্স ইউনিয়ন ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে সিলেট বিয়ানী বাজার স্পোটিং ক্লাবকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2010, 03:03 PM

Updated : 24 Aug 2022, 08:58 PM

ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটিসেল বাংলাদেশ লিগে বৃহস্পতিবার ২০তম রাউন্ডে শেখ রাসেল ক্রীড়া চক্র ২-২ গোলে ড্র করেছে চট্টগ্রাম মোহামেডানের সঙ্গে। অন্য খেলায় ব্রাদার্স ইউনিয়ন ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে সিলেট বিয়ানী বাজার স্পোটিং ক্লাবকে। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে খেলায় শেখ রাসেলের বিপক্ষে দুই গোলে পিছিয়ে থেকেও সমতায় ফিরে আসে স্থানীয় মোহামেডান। ৪১ মিনিটে সামির ওমারির গোলে ১-০ গোলে এগিয়ে যায় তালিকার তৃতীয় স্থানে থাকা শেখ রাসেল। বিরতির পর ৫৪ মিনিটে দলের অপর মরক্কো ফুটবলার জামাল নাখলির গোলে ২- ০ গোলে এগিয়ে থাকে রাসেল। কিন্তু ৮০ মিনিটে গিনি ফুটবলার লামিন সৌমাহর গোলে ব্যবধান কমায় (২-১) চট্টগ্রাম মোহামেডান। তিন মিনিট পরই স্বাগতিকদের পক্ষে সমতা ফেরানো গোলটি করেন লিংকন। এদিকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথমার্ধের ৩৭ মিনিটে মুরাদ আহমেদ মিলনের গোলে বিয়ানী বাজারের বিপক্ষে ১-০ তে এগিয়ে যায় ব্রাদার্স। বিরতির আগ মুহূর্তে ব্রাদার্সের ঘানা ফুটবলার এনক বেন্টিল গোল করে ব্যবধান বাড়ান (২-০)। ৬৭ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটিও করেন লিগে ব্রাদার্সের পক্ষে সর্বাধিক গোল করা বেন্টিল। বিয়ানী বাজারের কফিনে শেষ পেরেক ঠুকে দেন মাকসুদুল আলম বুলবুল, ৭৭ মিনিটে। ১৯ খেলায় শেখ রাসেলের পয়েন্ট ৪৪। সমান ম্যাচে চট্টগ্রাম মোহামেডানের সংগ্রহ ২০ ও ব্রাদার্সের ২১। এক ম্যাচ কম খেলে বিয়ানী বাজারের ১৩ পয়েন্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/সিজি/২০৫৫ ঘ.