২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সার জয়, ফাইনালে ইন্টার মিলান

চোখ ঝলসানো ফুটবল খেলে শেষ পর্যন্ত দশজনের ইন্টার মিলানের রক্ষণভাগ ভেদ করেছে বার্সেলোনা। হারিয়েছে ১-০ গোলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2010, 06:51 PM

Updated : 24 Aug 2022, 08:55 PM

ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চোখ ঝলসানো ফুটবল খেলে শেষ পর্যন্ত দশজনের ইন্টার মিলানের রক্ষণভাগ ভেদ করেছে বার্সেলোনা। হারিয়েছে ১-০ গোলে। তারপরও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বার্সা নয়, উঠেছে ইন্টার মিলান, দুই পর্বের সেমিফাইনালে গোল ব্যবধানে এগিয়ে থাকার সুবাদে। প্রথম পর্বে ইন্টার মিলান ৩-১ গোলে জিতেছিল বার্সেলোনার বিপক্ষে। খেলাটি হয়েছিল ইন্টার মিলানের মাঠে। নু ক্যাম্পে বুধবার চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয় পর্বের খেলা শুরুর পর থেকেই বার্সেলোনা চেপে ধরে ইন্টার মিলানকে। ছন্দময় ফুটবল ও সংঘবদ্ধ আক্রমণের মুখে অনেকটা অসহায় হয়ে পড়ে ইন্টার। বলতে গেলে বলই কেড়ে নিতে পারছিল না বার্সেলোনার ফুটবলারদের কাছ থেকে। খেলার ৮৪ মিনিটে জাভির কাছ থেকে বল পেয়ে ইন্টারের জালে বল জড়িয়ে দেন গেরার্ড পিকে। মাঝে মধ্যে অবশ্য দু-একটা পাল্টা আক্রমণ করে ইন্টার। এর আগে খেলার ২৮ মিনিটে থিয়াগো মোত্তা লাল কার্ড দেখে বেরিয়ে গেলে দশজনের দলে পরিণত হয় ইন্টার মিলান। প্রথমার্ধেই কয়েক গোলে এগিয়ে যেতে পারতো বার্সেলোনা। কিন্তু ইন্টার মিলানের রক্ষণভাগ জায়গা বানিয়ে খেলার কোনো সুযোগই দেয়নি বার্সাকে। তারপরও ৩২ মিনিটে পেদ্রোর কাছ থেকে বল পেয়ে গোলে শট নেন লিওনেল মেসি। কর্নারের বিনিময়ে দলকে রক্ষা করেন ইন্টারের গোলরক্ষক। দ্বিতীয়ার্ধে গোল করার জন্য মরিয়া হয়ে ওঠে বার্সা। চলতে থাকে একের পর এক আক্রমণ। আর সেই আক্রমণ সামাল দিতেই ব্যস্ত থাকতে হয় ইন্টারকে। কিন্তু শেষ পর্যন্ত বার্সেলোনার ফুটবলারদের আটকে রাখতে পারেনি। একটি গোল ঠিকই আদায় করে নেয়। কিন্তু লাভ হয়নি। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠে যায় ইন্টার মিলান। প্রথমার্ধে বার্সেলোনার পায়ে বল ছিল ৭১ শতাংশ সময়। কেবল ২৯ শতাংশ সময় পায়ে বল রাখার সুযোগ পায় ইন্টার মিলান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/০২৫০ ঘ.