ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ লিগ ফুটবলে আবারো হোঁচট খেয়েছে ঢাকা মোহামেডান। বুধবার ২০তম পর্বের খেলায় ফরাশগঞ্জের সঙ্গে ২-২ গোলে ড্র করে দলটি।
ফলে শিরোপার লড়াইয়ে আরো পিছিয়ে পড়লো মোহামেডান। আর এগিয়ে গেলো আবাহনী। দুই দলের মধ্যে পয়েন্টের ব্যবধান বেড়ে দাঁড়ালো ৬-এ।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুই গোলে পিছিয়ে পড়েও কালু জনসনের জোড়া গোলের সুবাদে মোহামেডানের কাছ থেকে পয়েন্ট কেড়ে নেয় ফরাশগঞ্জ। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে মামুনুল ইসলামের গোলে এগিয়ে যায় মোহামেডান।
খেলার ৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মোহামেডানের নাইজেরিয়ার আক্রমণভাগের খেলোয়াড় বুকোলো ওলালিকান। ৭৮ মিনিটে ফরাশগঞ্জের নাইজেরিয়ার ফুটবলার কালু জনসন একটি গোল শোধ করেন। চার মিনিট পর জনসন নিজের দ্বিতীয় গোল করে সমতায় ফেরান ফরাশগঞ্জকে।
১৯ খেলায় মোহামেডানের পয়েন্ট ৪৯। সমান ম্যাচে আবাহনীর ৫৫। আর ফরাশগঞ্জের ১৮।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২১৫৯ ঘ.
bdnews24