ঢাকা, ২৭ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে বায়ার্ন মিউনিখ। সেমিফাইনালের দ্বিতীয় পর্বে ইভিকা ওলিচের হ্যাট্রিকে বায়ার্ন ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে অলিম্পিক লিওঁকে।
সেমিফাইনালের পথম পর্বে বায়ার্নের মাঠে ১-০ গোলে হার মেনেছিল লিওঁ।
তবে দ্বিতীয়ার্ধের ৩৩ (৯০ ২) মিনিট দশ জনকে নিয়ে খেলতে হয় লিওঁকে। কেননা ৫৯ মিনিটে বিপজ্জনক খেলা খেলায় লালকার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যেতে হয় ক্রিসকে।
স্তাদে গারল্যান্ডে খেলার শুরু থেকেই লিওঁকে চেপে ধরে বায়ার্ন। আক্রমণ চালাতে থাকে একের পর এক। এর সুফলও পায় ২৬ মিনিটে। টমাস মুলার লিওঁর গোলপোস্টের মুখ পর্যন্ত বল নিয়ে গিয়ে মাইনাস করেন ইভিকা ওলিচের কাছে। জালে বল পাঠিয়ে দিতে কোনো অসুবিধা হয়নি তার। ৬১ মিনিটে অ্যালটিনটপের কাছ থেকে বল পেয়ে ব্যবধান দিগুণ করেন ওলিচ। লিওঁর কফিনে শেষ পেরেকটি ঠোকেট ওলিচ ৭৭ মিনিটে। সেই সঙ্গে পূর্ণ করেন তার হ্যাট্রিক। বলটি তাকে বানিয়ে দেন লাম।
খেলায় বায়ার্নের প্রধান্য থাকলেও মাঝে মধ্যে পাল্টা আক্রমণও চালায় লিওঁ। কিন্তু বায়ার্নের রক্ষণভাগ ভেদ করা সম্ভব হয়নি তাদের পক্ষে। তারপরও ৩১ মিনিটে গোল শোধের চমৎকার একটা সুযোগ পেয়েছিল লিওঁ। কিন্তু সিডনি গভউয়ের শট চলে যায় গোলপোস্টের বাইরে দিয়ে। তার কাছে বলটি ঠেলে দিয়েছিলেন জাঁ ম্যাকুন।
এর আগে খেলা শুরুর দুই মিনিটের মধ্যে এগিয়ে যেতে পারতো বায়ার্ন। ইভিকা ওলিচ লিওঁ-এর বক্সের মধ্যে আড়াআড়িভাবে বল ঠেলে দেন। গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি টমাস মুলার। তার শট চলে যায় গোলপোস্টের ঠিক বাইরে দিয়ে।
বিরতির পরও লিওঁ খেলায় ছন্দ খুঁজে পায়নি। কিন্তু বায়ার্নের খেলায় ফুটবলের নান্দনিক সৌন্দর্য আরো বেশি করে ফুটে উঠতে থাকে ধীরে ধীরে। ৫৩ মিনিটে আরেকবার বায়ার্ন গোল করার সুযোগ নষ্ট করে। শোয়েন্সটিয়েগারের চমৎকার শট গোলপোষ্টের ঠিক বাইরে দিয়ে চলে যায়। ৫৭ মিনিটে আর্জেন রোবেনের একটি শট রক্ষা করেন লিওঁ-এর গোলরক্ষক।
খেলার ৬১ মিনিটে গোল শোধের একটি সুযোগ পায় লিওঁ। কিন্তু সিডনি গভউয়ের শট রক্ষা করেন দর্শনীয়ভঙ্গীতে। অবশ্যই এই গোল রক্ষা করার কথা দর্শকরা মনে রাখবেন অনেকদিন।
লিওঁ খেলেছে ৪-৩-৩ পদ্ধতিতে। আর ৪-৪-২ পদ্ধতি বেছে নেয় সফরকারী বায়ার্ন।
বুধবার সেমিফাইনালের দ্বিতীয় পর্বের খেলায় বার্সেলোনা মুখোমুখি হবে ইন্টার মিলানের। প্রথম পর্বে ইন্টার মিলান ৩-১ গোলে জিতেছিল।
চূড়ান্ত খেলা হবে ২২ মে।
বায়ার্ন: বাট, ভ্যান বাইটেন, লাম, কন্টেন্টো, হলগার ব্যাটসটুবার, অ্যালটিনটপ, ভ্যান বোমেল, শোয়েন্সটিয়েগার, রোবেন, ওলিচ ও মুলার।
লিওঁ: লরিস, ক্রিস, বউমসং, রেভিয়েলিরে, সিসোখো, মিচেল ব্যাসটস, ম্যাকুন, গোনলোনস, লোপেজ, গভউ ও দেলগাদো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/০২৩৩ ঘ.
bdnews24