ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আরলিন ডেভেলপার ৩১তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপে চতুর্থ পর্বের খেলা শেষে এককভাবে শীর্ষে রয়েছেন নাজরানা খান ইভা। চার খেলায় তার সংগ্রহ চার পয়েন্ট।
নারায়ণগঞ্জ কাবের মিলনায়তনে চতুর্থ পর্বের খেলায় ইভা হারান রোকসানা তিতলীকে।
তবে বর্তমান চ্যাম্পিয়ন শারমীন সুলতানা শিরিন ও রানার-আপ ফিদে মাস্টার শামীমা আক্তার লিজার মধ্যকার খেলাটি ড্র হওয়ায় উভয়েই দ্বিতীয় স্থানে নেমে গেছেন। দু'জনের সংগ্রহ সমান, সাড়ে তিন পয়েন্ট।
এছাড়া টানা দ্বিতীয় জয় পেয়েছেন আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ। চতুর্থ পর্বে তিনি মাহমুদা হক চৌধুরী মলিকে পরাজিত করেন। ফলে তার সংগ্রহ আড়াই পয়েন্ট।
অন্যান্য খেলায় প্রতিভা তালুকদার জাকিয়া সুলতানাকে, মাসুদা বেগম দিলারা জাহান নূপুরকে এবং জাহানারা হক রুনু হারান ইয়ন সরকারকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/সিজি/১৮১০ ঘ.
bdnews24