লন্ডন, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার সলোমন কালুর হ্যাটট্রিক গোলের সুবাদে ৭ - ০ গোলে স্টোক সিটিকে উড়িয়ে দিয়ে আবারো শীর্ষে ফিরে এসেছে চেলসি।
দিনের অন্য খেলায় লিভারপুল ৪ - ০ গোলে হারিয়েছে বার্নলিকে, এভারটন ২ - ১ এ ফুলহ্যামকে এবং অ্যাস্টন ভিলা ১ - ০ গোলে হারায় বার্মিংহ্যাম সিটিকে।
নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে শীর্ষে ফিরে আসার জন্য পোটার্সদের বিপক্ষে খেলার শুরু থেকেই লড়াই করতে থাকে চেলসি। গোলের দেখা পেতে খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি কার্লো আনচেলত্তির দলকে। ২৪ মিনিটেই দিদিয়ের দ্রগবার কাছ থেকে বল পেয়ে চেলসির আক্রমণভাগের খেলোয়াড় সলোমন কালু দলকে এগিয়ে দেন।
খেলার ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কালু নিজের দ্বিতীয় গোলটি দিয়ে। প্রথমার্ধ শেষ হওয়ার ১ মিনিট আগে সলোমন কালুকে প্রতিপক্ষের রক্ষণভাগের খেলোয়াড় রবার্ট হাথ ফাউল করলে পেনাল্টি পায় চেলসি। পেনাল্টি শট নিয়ে ব্যবধান ৩-০ তে নিয়ে যান চেলসির মাঝমাঠের খেলোয়াড় ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড।
বিরতির পর ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে খেলতে থাকে ব্লুজরা। স্টোক সিটির খেলোয়াড়রাও প্রতি-আক্রমণে চেলসির রক্ষণভাগ ভাঙ্গার চেষ্টা করেন। কিন্তু গোলের দেখা না পেলেও তিনটি হলুদ কার্ড পায় টনি পুলিসের দল।
৬৮ মিনিটে ম্যাচে নিজের হ্যাটট্রিক গোল পূর্ণ করেন কালু। স্যাম হাচিনসনের দেওয়া বল ৮১ মিনিটে স্টোকের জালে জড়িয়ে দেন ল্যাম্পার্ড।
খেলার ৮৭ মিনিটে স্ট্রাইকার ড্যানিয়েল স্টুরিজের গোলে চেলসির সংগ্রহ দাঁড়ায় ৬ এ। তবে বল সরবরাহ করে ছিল দ্রগবা। স্টোক সিটির কফিনে শেষ পেরেক ঠোকেন মাঝ মাঠের খেলোয়াড় ফ্লোরেন্ট মালুদা খেলা শেষ হওয়ার এক মিনিট আগে। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্লুজরা।
৩৬ ম্যাচ খেলে ৮০ পয়েন্ট নিয়ে তালিকায় প্রথম চেলসি। আর সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ম্যান ইউ।
অন্যদিকে লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদ ৩-১ গোলে টেনেরিফেকে, এসপানিওল ১-০ এ আলমেরিয়াকে ও ভিলারিয়াল ২-১ ব্যবধানে রেসিং সান্তান্দারকে হারিয়েছে। বার্সা ৩৪ ম্যাচে ৮৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ও ৮৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রিয়াল মাদ্রিদ।
এছাড়া সেরি 'আ'-তে এএস রোমা ১-২ গোলে হেরেছে সাম্পদোরিয়ার কাছে। ৩৫ খেলায় ৭৩ পয়েন্ট নিয়ে সব দলের উপরে ইন্টার মিলান। আর সমান ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে তার পরেই রয়েছে এএস রোমা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/সিজি/১৯০০ ঘ.
bdnews24