চট্টগ্রাম, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের এতিহ্যবাহী জব্বারের বলীখেলায় এবার চ্যাম্পিয়ন হয়েছেন মোহাম্মদ আলম।
আয়োজকদের নতুন নিয়মের কারণে প্রতিযোগিতায় অপরাজিত থেকেও চ্যাম্পিয়ন হতে পারেননি টেকনাফের দিদারুল আলম ওরফে দিদার ও পুলিশ সদস্য খাগড়াছড়ির মর্ম সিং ত্রিপুরা।
এর আগে তারা পাঁচবার যুগ্ম চ্যাম্পিয়ন হন। ২০০৭ সালে চ্যাম্পিয়ন হয়েছিলেন দিদার।
এবারের সেরা বলী আলমের বাড়ি কক্সবাজারের টেকনাফে। তিনি চট্টগ্রামের মিরসরাইয়ের লিয়াকত বলীকে হারিয়ে ট্রফি ও নগদ ১৫ হাজার টাকা জিতে নেন।
রানার্স আপ লিয়াকত বলী পেয়েছেন নগদ ১০ হাজার টাকা ও একটি ট্রফি।
এছাড়া প্রথম রাউন্ডে বিজয়ী প্রত্যেক বলীকে ৫০০ টাকা করে পুরস্কার দেওয়া হয়।
নতুন নিয়ম অনুযায়ী, চূড়ান্ত পর্বে কেউ কাউকে হারাতে না পারলে যুগ্ম চ্যাম্পিয়ন করা হবে না। এছাড়া ভবিষ্যতে তারা আর প্রতিযোগিতায় অংশও নিতে পারবেন না।
রোববার বিকালে তীব্র গরম উপেক্ষা করে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে জব্বারের বলী খেলার ১০১ তম আসর শুরু হয়।
দেশের নানা প্রান্ত থেকে আসা বিভিন্ন বয়সের ৯০ জন বলী এবার অংশ নেন।
চট্টগ্রামের সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী ও বেসরকারি টেলিভিশন চ্যানেল আই এর পরিচালক শাইখ সিরাজ বিকাল ৪টায় খেলার উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান ও মেলার স্পন্সর প্রতিষ্ঠান বাংলালিংকের চট্টগ্রাম অঞ্চলের কমার্শিয়াল হেড বিশ্বজিত পাল।
প্রথম পর্বে ৯০ জন বলীর মধ্যে প্রতিযোগিতায় বিজয়ী হন ৩৮ জন।
বিকাল ৫টার দিকে এদের মধ্য থেকে চূড়ান্ত পর্বে মুখোমুখি হন দিদার ও মর্ম। কিন্তু ৫০ মিনিটের লড়াইয়ে কেউ কাউকে হারাতে পারেননি।
এরপর তাদের বাদ দিয়ে চারজনকে নিয়ে খেলা হয়। এর মধ্যে মিরসরাইয়ের লিয়াকত ও টেকনাফের আলম চূড়ান্ত পর্বে খেলেন।
চূড়ান্ত প্রতিযোগিতায় ২ মিনিটেই লিয়াকতকে ধরাশায়ী করে চ্যাম্পিয়ন হন আলম।
খেলা শেষে সিটি মেয়র বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
খেলা চলাকালে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। উচ্ছৃঙ্খল দর্শকদের সামলাতে পুলিশ কয়েকদফা লাঠিপেটাও করে। এ সময় দর্শকদের চাপে অনুষ্ঠানের মঞ্চ ভেঙে পড়ে।
ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলীখেলাকে ঘিরে লালদীঘির মাঠ ও আশেপাশের সড়কের ২-৩ কিলোমিটার জুড়ে বসেছে তিনদিনের বৈশাখী মেলা।
শনিবার থেকে শুরু হওয়া এ মেলা চলবে সোমবার পর্যন্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/এমএসবি ২২১৩ ঘ.
bdnews24