২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ রাসেল, শুকতারা ও মুক্তিযোদ্ধার জয়

সিটিসেল বাংলাদেশ লিগে রোববার জিতেছে শেখ রাসেল ক্রীড়া চক্র, শুকতারা যুব সংসদ ও মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ। শেখ রাসেল ২-০ গোলে ফরাশগঞ্জকে, শুকতারা ২-১ গোলে বিয়ানীবাজারকে ও মুক্তিযোদ্ধা ১-০ গোলে ফেনী সকার ক্লাবকে হারায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2010, 02:51 PM

Updated : 24 Aug 2022, 08:49 PM

ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিটিসেল বাংলাদেশ লিগে রোববার জিতেছে শেখ রাসেল ক্রীড়া চক্র, শুকতারা যুব সংসদ ও মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ। শেখ রাসেল ২-০ গোলে ফরাশগঞ্জকে, শুকতারা ২-১ গোলে বিয়ানীবাজারকে ও মুক্তিযোদ্ধা ১-০ গোলে ফেনী সকার ক্লাবকে হারায়। চট্টগ্রাম মোহামেডান ও ব্রাদার্স ইউনিয়নের খেলা ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফরাশগঞ্জ ও শেখ রাসেলের খেলার প্রথমার্ধ কোনো গোল হয়নি। খেলার ৫৩ মিনিটে গোল করে রাসেলকে এগিয়ে নেন দলের মরক্কোর আক্রমণভাগের খেলোয়াড় সালাহ মাসলৌ। ৭৯ মিনিটে রাজন মিয়ার গোলে ব্যবধান দ্বিগুণ করে (২-০) পয়েন্ট তালিকার তৃতীয় দল শেখ রাসেল। সিলেট স্টেডিয়ামে ৪২ মিনিটে ইদ্রিস মুতেবির গোলে স্বাগতিক বিয়ানীবাজারের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে যায় শুকতারা। ৬৮ মিনিটে মেহেদী হাসান তপুর গোলে ব্যবধান বাড়ায় সফরকারীরা। তবে পরের মিনিটেই বেঞ্জামিন কুপারের গোলে ব্যবধান ২-১ এ কমিয়ে আনে স্বাগতিকরা। ফেনী স্টেডিয়ামে খেলার ৭৫ মিনিটে স্বাগতিক ফেনী সকার ক্লাবের বিপক্ষে জয়সূচক গোলটি করেন মুক্তিযোদ্ধার রোকনুজ্জামান কাঞ্চন। এদিকে এমএ আজিজ স্টেডিয়ামে চট্টগ্রাম মোহামেডানের বিপক্ষে খেলার ১৪ মিনিটেই এগিয়ে যায় ব্রাদার্স। গোলটি করেন দলের ঘানার খেলোয়াড় এনক বেন্টিল। তবে ৬২ মিনিটে মোহামেডানের বিদেশি ফুটবলার লামিন সৌমাহ'র গোলে খেলায় সমতা ফেরায় স্বাগতিকরা। ১৮ ম্যাচে শেখ রাসেলের পয়েন্ট ৪৩। সমান ম্যাচে চট্টগ্রাম মোহামেডানের ১৯, ব্রাদার্সের ১৮। একম্যাচ কম খেলে মুক্তিযোদ্ধার সংগ্রহ ১৭। আর ১০ পয়েন্ট নিয়ে তালিকার তলানীতে আছে শুকতারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২০৪৫ ঘ.