লন্ডন, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রায়ান গিগসের জোড়া গোলের সুবাদে ম্যানচেস্টার ইউনাইটেড ৩-১ গোলে টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে।
দিনের বাকি খেলায় ওয়েস্টহ্যাম ইউনাইটেড ৩-২ এ উইগ্যান অ্যাথলেটিককে ও সান্ডারল্যান্ড ১-০ গোলে হারায় হাল সিটিকে। এছাড়া গোল শূন্য ড্র হয়েছে আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা।
ওল্ড ট্রাফোর্ডে খেলার প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো পক্ষই। কিন্তু বিরতির পর ভাগ্যদেবি সুপ্রসন্ন হন রেড ডেভিলসের প্রতি। ৫৮ মিনিটে পেনাল্টি পায় ম্যান ইউ। আর গোল করে দলকে এগিয়ে নেন রায়ান গিগস।
গোল শোধে মরিয়া সফরকারী টটেনহ্যাম খেলায় সমতায় ফেরায় ৭০ মিনিটে। কিন্তু ১১ মিনিট পর লুই ন্যানির গোলে আবারো এগিয়ে যায় ম্যান ইউ। খেলার শেষ মুহূর্তে আবারো পেনাল্টি পায় দলটি। নিজের দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন রায়ান।
৩৬ খেলায় ৭৯ পয়েন্ট নিয়ে সব দলের ওপরে রয়েছে স্যার অ্যালেক্স ফার্গুসনের ম্যানচেস্টার ইউনাইটেড। এক ম্যাচ কম খেলে চেলসির পয়েন্ট ৭৭। এছাড়া আর্সেনালের ৭২, ৩৬ খেলায়।
এদিকে ন্যু ক্যাম্পে দের্পোদিভো জেরেজকে ৩-১ গোলে হারিয়ে যথারীতি শীর্ষে রয়েছে বার্সেলোনা। দিনের অন্য খেলায় রিয়াল মাদ্রিদ ২-১ এ জিতে রিয়াল জারাগোজার বিপক্ষে। ৩৪ ম্যাচে পেপ গার্দিওলার বার্সার পয়েন্ট ৮৭। সমান খেলায় কাতালনদের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে আছে রিয়াল মাদ্রিদ।
এছাড়া সেরি 'আ' তে ইন্টার মিলান তাদের মাঠে ৩-১ গোলে হারিয়েছে আটলান্টাকে। দিনের আরেক খেলায় পালের্মো একই ব্যবাধনে হারায় এসি মিলানকে।
হোসে মরিনহোর ইন্টার মিলান ৩৫ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে রয়েছে তালিকার সবার ওপরে। এক ম্যাচ কম খেলে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে এস রোমা, ৭১ পয়েন্ট নিয়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর/সিজি/টিআর/১৮৩৫ ঘ.
bdnews24