২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিভারপুলের হারে এগিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ

ইউরোপা লিগের সেমিফাইনালের প্রথম পর্বের স্ট্রাইকার ডিয়েগো ফরলানের গোলের সুবাদে ১ - ০ গোলে লিভারপুলকে হারিয়ে ফাইনালের পথে এগিয়ে থাকলো অ্যাটলেটিকো মাদ্রিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2010, 10:23 AM

Updated : 24 Aug 2022, 08:45 PM

মাদ্রিদ, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউরোপা লিগের সেমিফাইনালের প্রথম পর্বের স্ট্রাইকার ডিয়েগো ফরলানের গোলের সুবাদে ১ - ০ গোলে লিভারপুলকে হারিয়ে ফাইনালের পথে এগিয়ে থাকলো অ্যাটলেটিকো মাদ্রিদ। দিনের অন্য সেমিফাইনালে জার্মান ক্লাব হ্যামবুর্গ গোল শূন্য ড্র করেছে ইংলিশ ক্লাব ফুলহ্যামের বিপক্ষে। ঘরের মাঠ ভিসেন্টি ক্যালডারনে খেলার শুরু থেকে গোলের জন্য মরিয়া উঠে স্পেনিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ। ফল পেতে তেমন অপেক্ষা করতে হয়নি সানচেজ ফ্লোরেসের দলকে। খেলার ৯ মিনিটে মাদ্রিদের আক্রমণভাগের খেলোয়াড় দিয়েগো ফরল্যান ১-০ গোলে দলকে এগিয়ে দেন। তবে বলটি এসেছিল মাঝ মাঠের খেলোয়াড় জোসে ম্যানুয়েল জুরাদোর কাছ থেকে। গোল খেয়ে সমতায় ফিরতে আক্রমণ শুরু করে রেডস'রা। ফলে শুরু হয় আক্রমণ ও পাল্টা আক্রমণ। তবে প্রথমার্ধে গোল শোধ করতে পারেনি ইংলিশ ক্লাব লিভারপুল। বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকলেও গোলের দেখা পায়নি কোনো দলই। তবে খেলার শেষ ভাগে একটি করে হলুদ কার্ডের দেখা পায় দু'দলই। ফলে ১ - ০ গোলে ম্যাচ হেরে মাঠ ছাড়ে রাফায়েল বেনিতেজের দল। অন্য খেলায় হ্যামবুর্গ নিজের মাঠ এইচএসএইচ নর্ডব্যাঙ্ক অ্যারিনায় অনেক চেষ্টা করেও গোলের দেখা পায়নি। আর গুরুত্বপূর্ণ অ্যাওয়ে গোল থেকে বঞ্চিত হয় ফুলহ্যামও। বিরতির পরও ব্যবধান গড়তে ব্যর্থ হয় দু'দলই। ফলে খেলা শেষ হয় অমীমাংসিতভাবে। শুধু তাই নয় হলুদ কার্ড (দু'টি করে) দেখার দিক থেকেও ড্র করে ক্লাব দু'টি। দ্বিতীয় পর্বের সেমিফাইনালে ২৯ এপ্রিল অ্যাটলেটিকো মাদ্রিদ যাবে লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে। একই দিনে অন্য সেমিফাইনালে হ্যামবুর্গ খেলবে ফুলহ্যামের ঘরের মাঠ ক্র্যাভেন কোটেজে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/১৬১০ ঘ.