ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়ন্স লিগের তীব্র উত্তেজনাপূর্ণ দ্বিতীয় সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ ১-০ গোলে অলিম্পিক লিওঁকে হারিয়ে ফাইনালের পথে এক পা এগিয়ে গেছে।
খেলা ৬৯ মিনিটে আরজেন রোবেনের গোলে এগিয়ে যায় বায়ার্ন। গোল শেধে মরিয়া লিওঁ বহু চেষ্টা করেও গোল শোধ করতে পারেনি।
এর আগে দু'দলের দু'জনকে লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যেতে হয়। ফলে এগারো জনের বদলে দশ জনকে নিয়ে খেলতে হয় দু'দলকেই। তবে দশজনের বায়ার্নকে ১৭ মিনিট মোকাবিলা করতে হয় এগারো জনের লিওঁকে।
বায়ার্ন মিউনিখের মাঠ অ্যালিয়ান্স অ্যারেনায় বুধবার দুই পর্বের সেমিফাইনালের প্রথমটিতে খেলা শুরুর পর থেকে জেতার জন্য মরিয়া হয়ে ওঠে দু'দলই। চলতে থাকে আক্রমণ ও পাল্টা আক্রমণ। প্রথমার্ধে দু'দলই গোলে শট নেয় কয়েকটি। কিন্তু কাক্সিক্ষত সেই গোলের দেখা পায়নি কোনো দলই।
খেলার প্রথমার্ধে বায়ার্ন চারটি ও লিওঁ তিনটি কর্নার পেলেও কাজে লাগাতে পারেনি। দ্বিতীয়ার্ধেও কয়েকটি কর্নার পায় দু'দল। কিন্তু পরিণতি সেই একই।
তবে বায়ার্নের খেলায় ছন্দের সঙ্গে শক্তি প্রয়োগের প্রবণতা স্পষ্ট হয়ে ওঠে। এজন্য মাসুলও গুনতে হয় দলটিকে। ৩৭ মিনিটে বিপজ্জনক খেলা খেলতে গিয়ে লালকার্ড দেখে মাঠ ছাড়তে হয় ফ্রাঙ্ক রিবেরিকে। এর আগে ১৬ মিনিটে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দেয়া হয় ড্যানিয়েল প্রানজিচকে।
দ্বিতীয়ার্ধে ছন্দময় ফুটবলের সঙ্গে শক্তি প্রয়োগ করে খেলতে থাকে লিওঁ-ও। ৫১ মিনিটে বিপজ্জনকভাবে ফাউল করার জন্য জেরোমি তুলালাঁকে হলুদ কার্ড দেখিয়ে সাবধান করে দেন রেফারি। ৫৪ মিনিটে আরো বিপজ্জনকভাবে খেলার জন্য লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যেতে হয় তাকেও। ৭৯ মিনিটে ফাউল করায় মিচেল বাসতেসকেও হলুদ কার্ড দেখানো হয়।
দ্বিতীয় পর্বের সেমিফাইনালটি হবে ২৭ এপ্রিল অলিম্পিক লিওঁর মাঠে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/০২৪২ ঘ.
bdnews24