২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনী সকার ও চট্টগ্রাম মোহামেডানের জয়

বাংলাদেশ লিগের ১৮তম পর্বের খেলায় বুধবার জিতেছে ফেনী সকার ক্লাব ও চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং। সকার ক্লাব ২-০ গোলে শুকতারা যুব সংসদকে ও চট্টগ্রাম মোহামেডান ১-০ গোলে বিয়ানীবাজার স্পোর্টিংকে হারায়। এছাড়া ব্রাদার্স ইউনিয়ন ও ফরাশগঞ্জ স্পোর্টিংয়ের খেলা অমীমাংসিতভাবে শেষ হয়। উভয় দলই দু'টি করে গোল করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2010, 03:06 PM

Updated : 24 Aug 2022, 08:41 PM

ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ লিগের ১৮তম পর্বের খেলায় বুধবার জিতেছে ফেনী সকার ক্লাব ও চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং। সকার ক্লাব ২-০ গোলে শুকতারা যুব সংসদকে ও চট্টগ্রাম মোহামেডান ১-০ গোলে বিয়ানীবাজার স্পোর্টিংকে হারায়। এছাড়া ব্রাদার্স ইউনিয়ন ও ফরাশগঞ্জ স্পোর্টিংয়ের খেলা অমীমাংসিতভাবে শেষ হয়। উভয় দলই দু'টি করে গোল করে। নারায়ণগঞ্জ স্টেডিয়ামে খেলার ৪১ মিনিটে সোহেলের গোলে স্বাগতিক শুকতারার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে যায় পয়েন্ট তালিকার চতুর্থ দল সকার ক্লাব। ৪৯ মিনিটে আসিফের গোলে ব্যবধান দ্বিগুণ করে তারা। এরপর আর কোনো দলই গোল করতে পারেনি। সিলেট স্টেডিয়ামে স্বাগতিক বিয়ানীবাজারের বিপক্ষে বিরতির আগেই ১-০ গোলে এগিয়ে যায় চট্টগ্রাম মোহামেডান। ৩৯ মিনিটে সফরকারীদের পক্ষে জয়সূচক গোলটি করেন লিঙ্কন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে দু'বার এগিয়ে গিয়েও জিততে পারেনি ফরাশগঞ্জ স্পোর্টিং। খেলার ৯ মিনিটে তৌহিদুল আলম সবুজের গোলে এগিয়ে যায় ফরাশগঞ্জ। কিন্তু ৫ মিনিট পরই বুলবুলের গোলে সমতায় (১-১) ফেরে ব্রাদার্স। ৪১ মিনিটে কালু জনসনের গোলে আবারো এগিয়ে যায় ফরাশগঞ্জ। তবে ৮৫ মিনিটে গোল শোধ করেন ব্রাদার্সের এনক বেন্টিল। ফলে ফরাশগঞ্জ ও ব্রাদার্সের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে যায়। ১৭ ম্যাচ শেষে সকার ক্লাবের পয়েন্ট ২৪। এক ম্যাচ বেশি খেলা চট্টগ্রাম মোহামেডানের সংগ্রহ ২১। ব্রাদার্স ও ফরাশগঞ্জ, উভয় দলেরই পয়েন্ট ১৮, ১৭ খেলায়। সমান খেলায় ৭ পয়েন্ট নিয়ে তালিকার তলানীতে রয়েছে শুকতারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২০৩৭ ঘ.