রোম, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নগর প্রতিদ্বন্দ্বী লাজিও ও এএস রোমার সমর্থকদের মধ্যে সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন আহত হন ছুরিকাঘাতে।
লা রিপাবলিকায় সোমবার বলা হয়, ছুরিকাঘাতে আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পত্রিকাটি জানায়।
স্তাদিও অলিম্পিকোয় রোববারের খেলায় রোমা ২-১ গোলে হারায় লাজিওকে।
খেলা শুরুর আগেই উভয় পক্ষের সমর্থকরা পরস্পরের প্রতি আতশবাজি জ্বালিয়ে ঢিল মারা শুরু করে। এ সময় দাঙ্গা পুলিশ সমর্থকদের মাঝামাঝি অবস্থান নেয়, যাতে তারা কাছাকাছি আসতে না পারে।
খেলা শেষে উভয় পক্ষ আবারো সংঘর্ষে লিপ্ত হয়। এক পক্ষ আরেক পক্ষকে ঢিল মারতে থাকে বোতল ও পাথর দিয়ে।
সংবাদ সম্মেলনের আগে ইতালির পুলিশ এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭৫১ ঘ.
bdnews24