লন্ডন, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইংলিশ প্রিমিয়ার লিগে মঙ্গলবার ১ - ০ গোলে বোল্টন ওয়ান্ডারার্সকে হারিয়ে শিরোপার আরো কাছাকাছি চেলসি।
অন্যদিকে স্পেনের লা লিগায় জয় পেয়েছে ভ্যালাদোলিদ, টেনেরিফে ও গেটাফে। ভ্যালাদোলিদ ২-১ গোলে সেভিয়াকে, টেনেরিফে ২-০ গোলে রিয়াল স্পোর্টিং দ্য গিজনকে এবং গেটাফে ৩-০ গোলে ভিলারিয়ালকে পরাজিত করেছে।
ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা চেলসি ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে মুখোমুখি হয় বোল্টনের। খেলার প্রথমার্ধের প্রায় শেষ প্রান্তে চেলসির ফরাসি তারকা নিকোলাস অ্যানেলকা বোল্টনের জালে বল জড়িয়ে দলকে এগিয়ে দেন। ৪৩ মিনিটে স্ট্রাইকার দিদিয়ের দ্রগবার বানিয়ে দেওয়া বল থেকে আসে এ গোলটি।
বোল্টন খেলায় সমতা আনার প্রত্যাশায় বহু আক্রমণ করে গোলের দেখা না পেলেও হলুদ কার্ড দেখে তিনটি। অন্যদিকে ব্যবধান বাড়াতে ব্যর্থ হয়ে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে চেলসি।
খেলা শেষে ইংলিশ লিগে চেলসি ৭৭ পয়েন্ট (৩৪ ম্যাচ) নিয়ে প্রধান শিরোপা প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে চার পয়েন্ট এগিয়ে। সমান ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে আর্সেনাল তৃতীয়।
লা লিগায় ৩১ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় বার্সেলোনা শীর্ষে ও সমান ম্যাচে রিয়াল মাদ্রিদ ৭৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এএইচএস/১৭৫৫ ঘ.
bdnews24