২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতার স্বপ্ন ভেঙ্গে দিলো চেন্নাই

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মঙ্গলবার চেন্নাই সুপার কিংস ৯ উইকেটে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2010, 09:30 AM

Updated : 24 Aug 2022, 08:28 PM

ঢাকা, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মঙ্গলবার চেন্নাই সুপার কিংস ৯ উইকেটে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। চেন্নাইয়ের চিদাম্বারাম স্টেডিয়ামে ৪৮তম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে সৌরভ গাঙ্গুলীর কলকাতা নির্ধারিত ২০ ওভারে গড়ে ১৩৯ রানের ইনিংস, ৮ উইকেটে। জয়ের জন্য ব্যাটিংয়ে নেমে কলকাতার বেঁধে দেওয়া ১৪০ রানের লক্ষ্য টপকে ১৪৩ রানে পৌঁছে যায় স্বাগতিক চেন্নাই ৩৯ বল বাকি থাকতেই, এক উইকেট হারিয়ে। সেমিফাইনালে পৌঁছার স্বপ্ন নিয়ে খেলতে নেমে শুরুটা ভালো করতে পারেনি কলকাতা। দলীয় ১৭ রানে ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম ও সৌরভ গাঙ্গুলীর মত উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় কলকাতা। দলের পক্ষে অ্যাঞ্জেলো ম্যাথিউস সব চেয়ে বেশি ৪৮ বলে ৪৮ রান করে হেইডেনের তালুবন্দী হয়ে সাজ ঘরে ফিরে যান। মনোজ তিওয়ারি ২৭ রান করলে রায়না তাকে ফেরত পাঠান। এছাড়া গাঙ্গুলী ১০ রান ও শুকলা ১৭ রানে আউট হন। রবিচন্দ্রন অশ্বিন ১৬ রানে শিকার করেন ৩ উইকেট। বোলিঙ্গার পান ২ উইকেট, ১৫ রানে। খেলার প্রথম ওভারের তৃতীয় বলে গেইল শূন্য রানে হেইডেনকে বোল্ড করলে কিছুটা হোঁচট খায় চেন্নাই। পরে মুরালি বিজয় ও সুরেশ রায়নার দৃঢ় ব্যাটিংয়ের সুবাদে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় ধোনির দল। ফলে সেমিফাইনালে খেলার স্বপ্ন ভেঙ্গে আইপিএলের প্রথম পর্ব থেকে ছিটকে পড়লো শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। মুরালি বিজয় অপরাজিত থাকেন ৫০ রানে। আর সুরেশ রায়না খেলেন হার না মানা ৭৮ রানের একটি অনবদ্য ইনিংস। ব্যাটসম্যানদের পর ব্যর্থতার প্রমাণ দেন কলকাতার বোলারাও। কেবল ক্রিস গেইল ৩৫ রান দিয়ে পান একটি মাত্র উইকেট। ম্যাচ সেরা হন চেন্নাই সুপার কিংসের রবিচন্দ্রন অশ্বিন। খেলা শেষে চেন্নাই রয়েছে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। আর কলকাতা ১০ পয়েন্ট নিয়ে সপ্তম। যথারীতি মুম্বাই ১৮ পয়েন্ট নিয়ে প্রথম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/১৩১০ ঘ.