লন্ডন, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার ম্যানচেস্টার ইউনাইটেড ও ব্ল্যাকবার্ন রোভার্সের খেলা অমীমাংসিতভাবে শেষ হয়েছে। গোল করতে পারেনি কোনো পক্ষই।
দিনের অন্যান্য খেলায় কালোর্স তেভেজ ও ইমানুয়েল আদেবায়রের জোড়া গোলের সুবাদে ম্যানচেস্টার সিটি ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে বার্মিংহাম সিটিকে। এছাড়া লিভারপুল ও ফুলহ্যাম এবং উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স ও স্টোক সিটির খেলা শেষ হয়েছে গোল শূন্যভাবে।
সেরি 'আ' তে এএস রোমা ২-১ এ আটালান্টাকে হারিয়ে মৌসুমে প্রথমবারের মতো পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে। ৩৩ ম্যাচে রোমার সংগ্রহ ৬৮। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে হোসে মরিনহোর দল ইন্টার মিলান।
অন্যান্য ম্যাচে জুভেন্টাস ১-০ গোলে কাগলিয়ারিকে ও উদিনেস ২-০ তে হারায় লির্ভোনোকে। এছাড়া ২-২ গোলে ড্র হয়েছে এসি মিলান ও কাতানিয়ার খেলা।
ব্ল্যাকবার্নের মাঠে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। তবে আট মিনিটে ব্ল্যাকবার্নের ক্রিস সাম্বার চমৎকার একটি শট তার চেয়ে চমৎকারভাবে রুখে দেন ম্যানচেস্টর ইউনাইটেডের গোলরক্ষক ভ্যান দার সার।
ব্ল্যাকবার্নের গোলরক্ষক পল রবিনসনও দলকে বাঁচিয়ে দেন দু'বার। ঠেকিয়ে দেন রেড ডেভিলসদের মাঝ-মাঠের খেলোয়াড় আন্তোনিও ভালেন্সিয়ার দারুণ একটি শট। দ্বিতীয়ার্ধেও দিমিতার বার্বতোভের একটি শট ফিরিয়ে দেন তিনি।
খেলার বিরতির পর গোল করতে মরিয়া ওঠে উভয় দল। চলতে থাকে আক্রমণ আর পাল্টা-আক্রমণ। কিন্তু পরস্পরের রক্ষণবুহ্য ভেদ করতে পারেনি কোনো দলই।
মৌসুমে প্রথম গোল শূন্য ড্র করলো স্যার ফার্গুসনের দল ম্যান ইউ। ৩৩ খেলায় ৭৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে চেলসি। এক ম্যাচ বেশি খেলে ৭৩ পয়েন্ট ম্যান ইউয়ের। এছাড়া ৩৩ ম্যাচে আর্সেনালের ৭১ ও ম্যানচেস্টার সিটির সংগ্রহ ৬২ (৩২ ম্যাচ)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/১৮৫৯ ঘ.
bdnews24