ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটিসেল বাংলাদেশ লিগে হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে ছুটে চলা ঢাকা আবাহনী লিমিটেড ১৭তম পর্বেও জয় পেয়েছে। রোববার আবাহনী ৫-০ গোলে উড়িয়ে দেয় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে। চট্টগ্রাম আবাহনী ও ব্রাদার্স ইউনিয়নের মধ্যকার দিনের অন্য ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১৯ মিনিটে ইব্রাহিম ও ২২ মিনিটে উজ্জলের করা গোলে বিরতির আগেই মুক্তিযোদ্ধা সংসদকে দুই গোলে পেছনে ফেলে ঢাকা আবাহনী।
বিরতির পর ৭০ মিনিটে এনামুল, ৮২ মিনিটে আবুল ও ইনজুরি সময়ে শেরীফের গোলে বড় ব্যবধানেই জয় তুলে নেয় পয়েন্ট তালিকার শীর্ষে থাকা অমলেশ সেনের দল।
অন্য খেলায় চট্টগ্রাম স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে খেলতে নেমে শুরুতেই এগিয়ে যায় স্থানীয় আবাহনী। খেলার ৩৫ মিনিটে আত্মঘাতি গোলটি করেন ইউসুফ আলী খান। তবে বেশীক্ষণ পিছিয়ে থাকেনি ব্রাদার্স।
চার মিনিট পরই দলের বিদেশি খেলোয়াড় এনক বেন্টিলের (ঘানা) গোলে ম্যাচে সমতা ফেরায় সফরকারী দল। ফলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় উভয় দলকে।
১৬ ম্যাচে ঢাকা আবাহনীর সংগ্রহ ৪৬। সমান খেলায় মুক্তিযোদ্ধার পয়েন্ট ১৪। অন্যদিকে এক ম্যাচ কম খেলে চট্টগ্রাম আবাহনীর ১৭ ও ব্রাদার্সের ১৬ পয়েন্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/সিজি/২০২৫ ঘ.
bdnews24