রোম, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পিছিয়ে পড়েও সেরি 'আ' তে শনিবার ইন্টার মিলান ২-২ গোলে ফিওরেন্টিনার সঙ্গে ড্র করেছে। দিনের আরেক খেলায় পার্মা ৩-২ এ হারিয়েছে নাপেলিকে।
ইংলিশ প্রিমিয়ার লিগে বার্নলে ৪-১ গোলে হাল সিটিকে ও ওয়েস্টহ্যাম ইউনাইটেড ১-০ তে হারায় সান্ডারল্যান্ডকে।
পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে চেলসি। ৩৩ ম্যাচে দলটির পয়েন্ট ৭৪। সমান খেলায় ম্যনচেস্টার ইউনাইটেডের সংগ্রহ ৭২ (দ্বিতীয়) ও ৭১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আর্সেনাল।
ঘরের মাঠে খেলার ১১ মিনিটে আক্রমণভাগের খেলোয়াড় কেইরিসন সুজার গোলে এগিয়ে যায় ফিওরেন্টিনা। গোল শোধ করতে না পারায় এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় হোসে মরিনহোর দল ইন্টার মিলান।
বিরতির পর গোলে শোধে মরিয়া হয়ে ওঠে ইন্টার। ৭৪ মিনিটে দিয়েগো মিলিতোর গোলে খেলায় সমতা ফেরায় সফরকারীরা। এরপর ক্যামেরুনের আক্রমণভাগের খেলোয়াড় স্যামুয়েল ইতোর গোলে ব্যবধান বাড়ায় ইন্টার, ৮১ মিনিটে।
এক মিনিট পরই স্বাগতিকদের পক্ষে গোল শোধ করেন পার ক্রোলড্রুপ। বাকি সময় কোনো দলই আর গোল করতে পারেনি।
৩৩ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ইন্টার। এক ম্যাচ কম খেলে এএস রোমার সংগ্রহ ৬৫।
এদিকে জার্মানির বুন্ডেজলিগায় পয়েন্ট তালিকার শীর্ষ দল বায়ার্ন মিউনিখ ও বায়ের লেভেরকুসেনের খেলাটি ১-১ গোলে ড্র হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেছে উভয় দল।
পয়েন্ট তালিকায় সব দলকে পেছনে ফেলে এগিয়ে গেছে বায়ার্ন। দলটির পয়েন্ট ৬০ (৩০ ম্যাচ)। সমান খেলায় শালকে জিরো ফোরের সংগ্রহ ৫৮ (দ্বিতীয়)। আর বায়ের লেভেরকুসেন ৫৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/১৭২৩ ঘ.
bdnews24