২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপার সেমিফাইনালে লিভারপুল

ইউরোপা লিগে ফিরতি খেলায় ফার্নান্দো তোরেসের জোড়া গোলের সুবাদে বৃহস্পতিবার লিভারপুল ৪-১ গোলে বেনফিকাকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2010, 01:21 PM

Updated : 24 Aug 2022, 08:19 PM

লন্ডন, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউরোপা লিগে ফিরতি খেলায় ফার্নান্দো তোরেসের জোড়া গোলের সুবাদে বৃহস্পতিবার লিভারপুল ৪-১ গোলে বেনফিকাকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। দিনের অন্যান্য খেলায় জার্মানির হামবুর্গ এসভি ৩-১ গোলে বেলজিয়ামের স্ট্যান্ডার্ড লিজেকে, ইংলিশ ক্লাব ফুলহ্যাম ১-০ গোলে জার্মানির আরেক ক্লাব ভিএফএল উলফসবুর্গের বিপক্ষে জিতে জায়াগা করে নিয়েছে শেষ চারে। প্রথম পর্বের খেলাতেও জয় পেয়েছিল এই দলগুলো। এছাড়া স্পেনের দুই ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদ ও ভালেন্সিয়ার খেলা গোল শূন্য ড্র হয়। এর ফলে অ্যাওয়ের গোলের সুবাদে সেমিফাইনাল নিশ্চিত করেছে অ্যাথলেটিকো ম্যাদ্রিদ। প্রথম পর্বে ভালেন্সিয়ার মাঠে ২-২ গোলে ড্র করেছিল মাদ্রিদ। প্রথম পর্বে বেনফিকার কাছে ২-১ গোলে হারে লিভারপুল। কিন্তু ফিরতি ম্যাচে (৪-১) জিতে দুই খেলায় ৫-৩ গোলে এগিয়ে যায় দলটি। খেলার ২৭ মিনিটে স্টিভ জেরার্ডের বানিয়ে দেয়া বল বেনফিকার জালে জড়িয়ে লিভারপুলকে এগিয়ে নেন ওলন্দাজ খেলোয়াড় ডার্ক কুইট। আট মিনিট পর মাঝ-মাঠের খোলোয়াড় লুকাস লেইভারের গোলের উৎসও ছিলেন এই জেরার্ড। প্রথমার্ধে ২-০ তে এগিয়ে যায় লিভারপুল। বিরতির পর গোল শোধে মরিয়া হয়ে ওঠে সফরকারী পর্তগালের ক্লাবটি। তবে গোল শোধ করতে পারেনি। উল্টো ৫৯ মিনিটে তোরেসের গোলে ৩-০ তে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে ৭০ মিনিটে একটি গোল শোধ করলেও বেনফিকা শেষ পর্যন্ত আর খেলায় ফিরতে পারেনি। বরং নিজের দ্বিতীয় গোলটি করে বেনিফিকার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন স্পেনের আক্রমণভাগের খেলোয়াড় তোরেস, ৮২ মিনিটে। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে রাফায়েল বেনিতেজের দল লিভারপুল। দুই পর্বের সেমিফাইনালের প্রথমটিতে লিভারপুল খেলবে অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে, ২২ এপ্রিল। একই দিন অন্য সেমিফাইনালে ফুলহ্যাম মুখোমুখি হবে হামবুর্গের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/১৯১০ ঘ.