২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেমিফাইনালে বায়ার্ন, লিওঁ

চ্যাম্পিয়ন্স লিগে বুধবার দ্বিতীয় পর্বের খেলায় লুই ন্যানির জোড়া গোলে বায়ার্ন মিউনিখকে ৩-২ হারিয়েও বিদায় নিতে হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। সেই সঙ্গে বায়ার্ন উঠে গেছে সেমিফাইনালে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2010, 01:10 PM

Updated : 24 Aug 2022, 08:17 PM

লন্ডন, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চ্যাম্পিয়ন্স লিগে বুধবার দ্বিতীয় পর্বের খেলায় লুই ন্যানির জোড়া গোলে বায়ার্ন মিউনিখকে ৩-২ হারিয়েও বিদায় নিতে হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। সেই সঙ্গে বায়ার্ন উঠে গেছে সেমিফাইনালে। দিনের অন্য ম্যাচে ফ্রান্সের অলিম্পিক লিওঁ ০-১ গোলে স্বদেশি ক্লাব বোর্দোর কাছে হেরেও প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে সেমিফাইনালে। প্রথম পর্বে বায়ার্ন ২-১ গোলে হারায় ম্যান ইউকে। ফিরতি ম্যাচে ম্যান ইউ জেতে ৩-২ গোলে। কিন্তু দুই পর্ব মিলিয়ে ৪-৪ হলেও 'অ্যাওয়ে' গোলের সুবাদে এগিয়ে যায় জার্মানির ক্লাব বায়ার্ন। ওল্ড ট্রাফোর্ডে খেলার তিন মিনিটে ওয়েন রুনির বানিয়ে দেয়া বল বায়ার্নের জালে জড়িয়ে ম্যান ইউকে এগিয়ে নেন ড্যারন গিবসন। চার মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন লুই ন্যানি। খেলার ৪১ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ন্যানি রেড ডেভিলসদের এগিয়ে নেন ৩-০ তে। তবে দুই মিনিট পরই একটি গোল শোধ করেন বায়ার্নের ইভিকা ওলিচ। প্রথমার্ধ শেষ হয় ৩-১ এ। বিরতির পর গোল পেতে মরিয়া ওঠে উভয় দলই। তবে ৫১ মিনিটে ফ্রাঙ্ক রিবেরিকে ফাউল করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ম্যান ইউয়ের রাফায়েল সিলভাকে। পরে দশজনের ম্যান ইউ-এর জালে আরো একবার বল পাঠান আর্জেন রবেন, ৭৪ মিনিটে। খেলার বাকি সময় আর কোনো গোল না হওয়ায় জয় পায় ম্যান ইউ। তবে অ্যাওয়ে গোলের সুবাদে শেষ চারে উঠে গেছে বায়ার্ন। আর চ্যাম্পিয়ন্স লিগ থেকে আর্সেনালের পর বিদায় নিল একমাত্র ইংলিশ ক্লাব ম্যান ইউও। এদিকে প্রথম পর্বে লিওঁ ৩-১ গোলে হারায় বোর্দোকে। ফিরতি ম্যাচে বোর্দোর কাছে হেরেও দুই পর্ব মিলে ৩-২ গোলে এগিয়ে যায় লিওঁ। সেমিফাইনালের প্রথম পর্বে ইন্টার মিলান বার্সেলোনার মুখোমুখি হবে ২০ এপ্রিল। পরদিন বায়ার্ন মিউনিখ খেলবে অলিম্পিক লিওঁয়ের বিপক্ষে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/সিজি/টিআর/১৮৫৯ ঘ.