২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসিকে 'যিশু'র সঙ্গে তুলনা করলেন মারাদোনা

আর্সেনালকে গুনে গুনে চার গোল দেয়ার পর আর্জেন্টিনার কোচ দিয়েগো আরমান্দো মারাদোনা লিওনেল মেসিকে তুলনা করেছেন 'যিশু'র সঙ্গে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2010, 12:03 PM

Updated : 24 Aug 2022, 08:17 PM

মাদ্রিদ, এপ্রিল ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আর্সেনালকে গুনে গুনে চার গোল দেয়ার পর আর্জেন্টিনার কোচ দিয়েগো আরমান্দো মারাদোনা লিওনেল মেসিকে তুলনা করেছেন 'যিশু'র সঙ্গে। মেসির এই চার গোলের সুবাদে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠে বার্সেলোনা। রেডিও মেট্রোর 'প্যারোস দে লা ক্যলি' অনুষ্ঠানে আর্জেন্টিনার ফুটবল ইশ্বর বলেন, "মেসি আর্জেন্টিনার খেলোয়াড় বলে আমরা যে কতটা ভাগ্যবান তা এখন বুঝতে পারছি। এই মুহূর্তে তিনি ফুটবল খেলছেন যিশুর মতো।" জার্মানির সঙ্গে প্রীতি ম্যাচে ১-০ গোলে জেতার পর মেসির সঙ্গে মারাদোনা তার কথা-বার্তা নিয়েও মুখ খোলেন। অনেকের মতে সর্বকালের সেরা ফুটবলার মারাদোনা বলেন, "আমি তাকে বলেছি যে আমার খেলোয়াড়ি জীবন শেষ হয়ে গেছে অনেক আগেই। এখন তার ফুটবল জীবনে বেশি করে সাফল্যের পালক যুক্ত করা তারই কাজ বলে আমি তাকে বুঝিয়েছি। এই খেলোয়াড়ি জীবন শেষে আমরা বিবেচনা করে দেখবো-সবচেয়ে ভালো কে?" মারাদোনা ও মেসির মধ্যে সম্পর্ক আর্জেন্টিনায় একটি বড় খবর। দেশটির অনেকেই মনে করেন জনগণের মন থেকে বার্সেলোনার আক্রমণভাগের খেলোয়াড় মেসি যাতে তাকে সরিয়ে দিতে না পারেন, সেজন্য চেষ্টার কোনো কসুর করছেন না ১৯৮৬ সালের বিশ্বকাপ বিজয়ের নায়ক। কিন্তু মারাদোনা বলে আসছেন, তাদের দু'জনের মধ্যে সম্পর্ক খুবই ভালো। তিনি বলেন, "লিও সঠিক পথেই হাঁটছেন। আরো সাফল্য পাওয়ারও চেষ্টা করে যাচ্ছেন সব সময়। জার্মানির সঙ্গে জেতার পর বার্সেলোনার একটি হোটেলে আমরা দু'ঘন্টা কথা-বার্তা বলেছি। এতে অনেক সমস্যা কেটে গেছে। আমি তাকে বুঝিয়েছি প্রত্যেকটি খেলাই আলাদা। চ্যালেঞ্জও অন্য রকম।" জাতীয় দল থেকে মেসিকে বাদ দেয়ার কোনো ইচ্ছাই মারাদোনার নেই বলে সাফ জানিয়ে দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭৫১ ঘ.