মাদ্রিদ, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিওনেল মেসির হ্যাটট্রিক গোলের সুবাদে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা। মঙ্গলবার কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় পর্বের লড়াইয়ে বার্সেলোনা ৪-১ গোলে উড়িয়ে দেয় আর্সেনালকে।
আগের খেলায় বার্সার সঙ্গে ২-২ গোলে ড্র করায় কোয়ার্টার ফাইনালের দুই পর্বে মোট ৬-৩ গোল ব্যবধানে পেছনে থেকেই প্রতিযোগিতা থেকে বিদায় নেয় আর্সেনাল।
দিনের অন্য খেলায় হোসে মরিনহোর ইন্টার মিলান ১-০ গোলে সিএসকেএ মস্কোর বিপক্ষে জিতে সেমিফাইনালে উঠে যায়। একই ব্যবধানে আগের ম্যাচ জিতে উভয় পর্ব শেষে ইন্টার ২-০ গোল ব্যবধানে সিএসকেএকে পেছনে ফেলে।
ন্যু ক্যাম্পে তীব্র উত্তেজনাপূর্ণ খেলার প্রথমার্ধের ১৮ মিনিটে নিকোলাস বেন্টনারের গোলে এগিয়ে যায় সফরকারী আর্সেনাল। কিন্তু তিন মিনিট পরই লিওনেল মেসির গোলে খেলায় সমতা ফেরায় বার্সা। জমে উঠে খেলা। চলে আক্রমণ আর পাল্টা আক্রমণ।
৩৭ মিনিটে রড্রিগুয়েজ পেদ্রোর বানিয়ে দেয়া বলে নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি । এরপর পাঁচ মিনিট পর আবারো গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ২২ বছরের এ আর্জেন্টিনা তারকা। ৩ - ১ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে কাতালানরা।
চাপে পড়ে আর্সেনাল। সেই চাপ থেকে আর বের হয়ে আসতে পারেনি গানার্সরা। খেলার অন্তিম মুহূর্তে আর্সেনালের কফিনে শেষ পেরেকটিও ঠোকেন মেসি। ৮৮ মিনিটে নিজের ও দলের চতুর্থ গোল করেন মৌসুমের সফলতম এ স্ট্রাইকার। শনিবার রিয়ালের বিপক্ষে 'এল ক্ল্যাসিকো'র আগে এ বড় জয়ে এখন অনেকটাই নির্ভার কোচ পেপ গার্দিওলা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/সিজি/এএইচএস/ ১৮২০ঘ.
bdnews24