ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটিসেল বাংলাদেশ লিগে জয়ের ধারাতেই রয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। মরক্কো স্ট্রাইকার সামির ওমারির জোড়া গোলে রোববার মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রকে ৩-০ গোলে হারায় শেখ রাসেল।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথমার্ধে দু'দলই অগোছালো খেলা উপহার দেয়। বিরতির আগে মুক্তিযোদ্ধার বিপদ সীমানায় সামির ওমারিকে প্রতিপক্ষের রাসেল আনসারী অবৈধভাবে বাঁধা দিলে রেফারী পেনাল্টির বাঁশি বাজান। সামিরই গোল করে দলকে এগিয়ে দেন ১-০ তে।
দ্বিতীয়ার্ধে ছন্দ খুঁজে পায় শেখ রাসেলের ফুটবলাররা। ৬৬ মিনিটে দলের ও নিজের দ্বিতীয় গোল করেন সামির।
৮৮ মিনিটে দলের পক্ষে তৃতীয় গোলটি করেন কামাল হোসেন। শেষ পর্যন্ত ৩-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে শেখ রাসেল।
১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিযে তালিকায় তৃতীয় স্থানে শেখ রাসেল। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধা রয়েছে ছয় নম্বরে।
অন্যদিকে ৪০ পয়েন্ট নিয়ে সবার ওপরে ঢাকা আবাহনী লিমিটেড (১৪ ম্যাচে )।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/সিজি/২১২৫ ঘ.
bdnews24