ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটিসেল ঢাকা মহানগরী মেয়েদের স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপে বুধবার জিতেছে ভিকারুন্নেসা, স্কলাস্টিকা ও গ্রীণহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুল।
আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রথম ম্যাচে অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ ও ইসলামবাগ আশরাফ আলী হাই স্কুলের খেলা গোলশূন্য ড্র হয়।
একই মাঠে অপর ম্যাচে ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ ২-০ গোলে রহমতউল্লাহ মডেল হাই স্কুলকে হারায়। বিজয়ী দলের পক্ষে গোল দু'টি করেন অ্যানি।
এদিকে ধানমন্ডি সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে প্রতিযোগিতার অন্য খেলায় রাজধানী হাই স্কুল ও ডন গ্রামার স্কুলের মধ্যকার খেলাটি গোলশূন্য ড্র হয়। তবে একই ভেন্যুতে দিনের অপর ম্যাচগুলোতে জয় পেয়েছে স্কলাস্টিকা ও গ্রীন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুল।
স্কলাস্টিকা ২-০ গোলে মতিঝিল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়কে ও গ্রীণ হেরাল্ড ৪-০ গোলে সামারফিল্ড স্কুলকে পরাজিত করে। স্কলাস্টিকার হয়ে গোল দুটি করেন অনুশা ও আরশা।
গ্রীণ হেরাল্ডের শ্রাবন্তী দুইটি এবং আনিসা ওয়ালি ও রাইসা একটি করে গোল করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/সিজি/২১৩০ ঘ.
bdnews24