২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বায়ার্নের কাছে ম্যান ইউয়ের হার

পিছিয়ে পড়েও চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বে মঙ্গলবার বায়ার্ন মিউনিখ ২-১ গোলে হারিয়েছে সফরকারী ম্যানচেস্টার ইউনাইটেডকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2010, 11:40 AM

Updated : 24 Aug 2022, 08:03 PM

মিউনিখ, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিছিয়ে পড়েও চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বে মঙ্গলবার বায়ার্ন মিউনিখ ২-১ গোলে হারিয়েছে সফরকারী ম্যানচেস্টার ইউনাইটেডকে। অন্য ম্যাচে লিসান্দ্রো লোপেজের জোড়া গোলের সুবাদে ফ্রান্সের অলিম্পিকে লিওঁ ৩-১ এ জিতেছে ফ্রান্সেরই আরেকটি ক্লাব বোর্দোর বিপক্ষে। বায়ার্নের মাঠ অ্যালিয়ান্স অ্যারেনায় তীব্র উত্তেজনাপূর্ণ খেলার প্রথমার্ধের দুই মিনিটে স্বাগতিকদের জালে বল জড়িয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে এগিয়ে নেন ওয়েন রুনি। গোল হজম করে কিছুটা চাপে পড়ে জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখ। তবে দমে যায়নি তারা। বিরতির পরে গোলে শোধে মরিয়া হয়ে ওঠে বায়ার্ন। ৭৭ মিনিটে মাঝ-মাঠের খেলোয়াড় ফ্রাঙ্ক রিবেরির গোলে সমতায় ফেরে লুই ভ্যান গলের দল। আক্রমণ আর পাল্টা আক্রমণের মধ্য দিয়ে জমে ওঠে খেলা। কিন্তু অতিরিক্ত সময়ে পাল্টা আক্রমণ থেকে জয়সূচক গোলটি করেন ক্রোশিয়ার খেলোয়াড় ইভিকা অলিচ। অন্য খেলায় ঘরের মাঠে লিওঁ হারায় বোর্দোকে। খেলার প্রথমার্ধে আক্রমণভাগের খেলোয়াড় লিসান্দ্রো লোপেজের গোলে এগিয়ে যায় লিওঁ, ১০ মিনিটে। চার মিনিট পরই বোর্দোর মরক্কোর ফুটবলার মারুয়ান চামাখ মাথা দিয়ে গোল করে খেলায় সমতা ফেরান। কিন্তু ৩২ মিনিটে মিচেল বাস্তোসের গোলে আবার এগিয়ে যায় লিওঁ। বর্দোর কফিনে শেষ পেরেক ঠোকেন লোপেজ। ৭৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন তিনি। ফিরতি ম্যাচে ওল্ড ট্রাফোর্ডে ম্যান ইউ খেলবে বায়ার্ন মিউনিখের বিপক্ষে, ৭ এপ্রিল। ওই দিনই নিজেদের মাঠে বোর্দো মুখোমুখি হবে লিওঁ'র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/১৭৩১ ঘ.