ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা ব্যাংক ক্লাব কাপ হকিতে মঙ্গলবার বড় জয় তুলে নিয়েছে ঊষা ক্রীড়া চক্র ও সোনালী ব্যাংক লিমিটেড। উষা ১০-০ গোলে উড়িয়ে দিয়েছে ওয়ারি ক্লাবকে। অন্য ম্যাচে সোনালী ব্যাংক ৩-১ গোলে জিতেছে সাধারণ বীমার বিপক্ষে।
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ওয়ারীর বিপক্ষে ম্যাচের প্রথমার্ধেই ৮-০ গোলে এগিয়ে যায় ঊষা। বিরতির পর ওয়ারীর রক্ষণভাগ ভেঙ্গে প্রথমার্ধের মতো গোল আদায় করতে পারেনি বিজয়ী দল। এ সময় মাত্র দুই গোল পেয়েই সন্তুষ্ট থাকতে হয় ঊষাকে।
মাকসুদুল আলম হাবুল, কৃষ্ণ কুমার ও মোস্তাফিজুর রহমান দুইটি করে গোল করেন। ইয়ামিন, মোকসেদ, নান্নু ও শুভ একটি করে গোল করেন।
এর আগে একই ভেন্যুতে সাধারণ বীমার বিপক্ষে ম্যাচের প্রথমার্ধেই তিন গোল আদায় করে নেয় সোনালী ব্যাংক। বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সাধারণ বীমা। এ সময় আর কোনো গোল না খেয়েই সাধারণ বীমা একটি গোল পরিশোধ করে।
সোনালী ব্যাংকের হয়ে মাসুম, প্রিন্স ও রিয়াজ একটি করে গোল করেন। সাধারণ বীমার একমাত্র গোলটি করেন তূর্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/সিজি/২১৩৫ ঘ.
bdnews24