ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিটিসেল বাংলাদেশ লিগে সোমবার দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে জিতেছে ঢাকা আবাহনী, ঢাকা মোহামেডান, শেখ রাসেল ক্রীড়া চক্র ও মুক্তিযোদ্ধা সংসদ। মোহামেডান ৪-১ গোলে ফেনী সকার ক্লাবকে, শেখ রাসেল ৪-০ গোলে শুকতারাকে ও একই ব্যবধানে (৪-০) আবাহনী বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাবকে এবং মুক্তিযোদ্ধা ৩-১ গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারায়।
ফেনীর ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে স্বাগতিক ফেনী সকারের বিপক্ষে খেলার ১৫ মিনিটে মোহামেডানের আবদুল বাতেন কমল গোল করে দলকে এগিয়ে নেয়। ২৫ মিনিটে এমেকা ব্যবধান বাড়ান। পাঁচ মিনিট পর বকুলার গোলে ৩-০ তে এগিয়ে যায় মোহামেডান। ৪১ মিনিটে ফেনী সকারের আনোয়ার একটি গোল শোধ করেন (৩-১)। খেলার ৬৩ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন কমল।
নারায়ণগঞ্জ স্টেডিয়ামে স্বাগতিক শুকতারার বিপক্ষে ২৫ মিনিটে রাজনের গোলে ১-০ তে এগিয়ে যায় সফরকারীরা। তিন মিনিট পরই মারুফের গোলে ব্যবধান দ্বিগুণ করে শেখ রাসেল। বিরতির আগে রনির গোলে (৩৮ মিনিট) ৩-০ তে এগিয়ে যায় ঢাকার দলটি। শেখ রাসেলের পক্ষে চতুর্থ গোলটিও করেন রনি, ম্যাচের ৮১ মিনিটে।
সিলেট স্টেডিয়ামে বিয়ানীবাজারের বিপক্ষে মোহাম্মদ শেরীফের হ্যাট্রিকে বড় ব্যবধানে জয় পায় ঢাকা আবাহনী। খেলার চার মিনিটেই দলকে গোল নেন শেরীফ। তবে স্বাগতিকদের রক্ষণ বুহ্য ভেদ করতে না পারায় প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে পয়েন্ট তালিকার শীর্ষ দলটি।
বিরতির পর ৫১ মিনিটে পেনাল্টি থেকে আরো একটি গোল করেন শেরীফ। চার মিনিট পরই আবারো গোল দেন শেরীফ। সেই সঙ্গে আদায় করে নেন হ্যাট্রিক। বিয়ানীবাজারের কফিনে শেষ পেরেক ঠোকেন এনামুল, ৭৬ মিনিটে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদ ও ব্রাদার্স ইউনিয়নের খেলায় আক্রমণভাগের খেলোয়াড় রাফায়েলের জোড়া গোলে প্রথমার্ধেই ২-০ তে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। খেলার ৩৫ ও ৪১ মিনিটে গোল দুটি করেন তিনি।
বিরতির পর খেলার ৬১ মিনিটে জালালের গোলে মুক্তিযোদ্ধা ৩-০ তে এগিয়ে যায়। তবে পরের মিনিটেই ব্রাদার্সের তরু এক গোল শোধ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২১৩০ ঘ.
bdnews24